স্টাফ রিপোর্টার।।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গণভোটও। এবারের নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি ও জামায়াতের পাঁচ হেভিওয়েট প্রার্থী।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে এক চমকপ্রদ তথ্য-খুলনার অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর নিজের চেয়ে তাদের স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। সম্পদ, আয় ও মামলার এই পরিসংখ্যান এখন খুলনার রাজনৈতিক অঙ্গনে আলোচনার মূল বিষয়।
মিয়া গোলাম পরওয়ার:
খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও খানজাহান আলী থানার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও এ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি ও ভবন, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকা এবং অর্জন মূল্য ২২ লাখ ৭২ হাজার টাকা। অস্থাবর সম্পদের হিসাবে তিনি নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা জমার তথ্য দিয়েছেন। এর বেশির ভাগ অর্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সংরক্ষিত।
তিনি এমকম পাস এবং নিজেকে ব্যবসায়ী ও সাবেক শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক জীবনে ৪৮টি ফৌজদারি মামলার তথ্য রয়েছে। এর অধিকাংশ মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনও সক্রিয় মামলা নেই।
তিনি ৮০ হাজার ৬৫০ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্রের মালিক। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১৫ লাখ টাকা। ২০২৫ কর বছরে তিনি আয়কর দিয়েছেন ৫ হাজার ৬২৫ টাকা।
হলফনামা অনুযায়ী, তার স্ত্রী ১৫ ভরি স্বর্ণের মালিক, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৫৭ হাজার ২০ টাকা। ব্যাংকেও তার স্ত্রীর স্বল্প পরিমাণ সঞ্চয় রয়েছে।
নজরুল ইসলাম মঞ্জু:
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। শিক্ষাগত যোগ্যতা এলএলবি। পেশা ব্যবসা। তার বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা।
হলফনামায় তার অস্থাবর সম্পদের পরিমাণ ৭০ লাখ টাকা। এর মধ্যে নগদ অর্থ ১৩ লাখ ৭৪ হাজার ৩০৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ ৯৩ হাজার ৯৪৭ টাকা, মোটরযান ২৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা, গহনা ৫২ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ১ লাখ ৬৭ হাজার টাকা। তার স্থাবর সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা।
তবে তার স্ত্রীর অস্থাবর সম্পদ ১ কোটি ৫১ হাজার ৫৫৫ টাকা এবং স্থাবর সম্পদ ১ কোটি ৯০ লাখ টাকা। সর্বশেষ অর্থবছরে মঞ্জু ৫ হাজার টাকা আয়কর প্রদান করেছেন। তার বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা।
আলী আসগর লবী:
খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবী। তিনি স্নাতক পাস এবং পেশায় ব্যবসায়ী।
হলফনামা অনুযায়ী, তার স্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৫২ কোটি টাকা। তার দায় রয়েছে ১৩ কোটি ৭১ লাখ টাকা। তার কাছে নগদ রয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।
স্ত্রীর নামে রয়েছে ৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৬১১ টাকার স্থাবর ও ৩ কোটি টাকার অস্থাবর সম্পদ।
২০২৫ সালের আয়কর রিটার্নে ৪৭ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৭৫৭ টাকার সম্পদের বিপরীতে তিনি প্রায় ৩ কোটি টাকা আয়কর দিয়েছেন। স্ত্রীর ১০ কোটি টাকার সম্পদের বিপরীতে প্রায় ৩৪ লাখ টাকা আয়কর প্রদান করা হয়েছে। লবীর নামে বর্তমানে দুটি এবং অতীতে ৪টি মামলা রয়েছে।
আজিজুল বারী হেলাল:
খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল প্রার্থী হয়েছেন। হলফনামা অনুযায়ী তার নিজের নামে কোনও স্থাবর সম্পদ নেই। তবে অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার টাকা।
তিনি বিএসসি পাস এবং পেশায় নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে মোট ৭০টি মামলার তথ্য দেয়া হলেও বর্তমানে ১৫টি মামলা রয়েছে। অস্থাবর সম্পদের পুরোটাই ব্যাংকে জমা, এফডিআর ও নগদ অর্থ। তিনি টেলিভিশন টক শো ও অনলাইন মাধ্যম থেকে বছরে ৬ লাখ টাকা সম্মানী পান।
রকিবুল ইসলাম বকুল:
খুলনা-৩ (দৌলতপুর, খালিশপুর ও দিঘলিয়ার আংশিক) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি এমবিএ পাস।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তার বিরুদ্ধে ১২টি মামলা থাকলেও ব্যক্তিগত অস্থাবর সম্পদ মাত্র ১৬ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ২৪ লাখ ৩ হাজার ৮৪৭ টাকা। ব্যাংকে তার নিজের নামে আছে ১৪ লাখ ৪৬ হাজার ৮১৫ টাকা এবং স্ত্রীর নামে ৩০ লাখ ৭০ হাজার ১৬৮ টাকা।
স্ত্রীর রয়েছে ৪০ ভরি স্বর্ণ, ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র। উত্তরাধিকার সূত্রে রয়েছে ৭৭ লাখ ৪৬ হাজার ৩৭৩ টাকা। স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৯৬৫ টাকার অকৃষি জমি। তার নিজের নামে ভবন রয়েছে ৭৩ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা এবং স্ত্রীর নামে আরও ১ কোটি ১০ টাকার ভবন।
আয়কর রিটার্ন অনুযায়ী, তার নিজের বার্ষিক আয় ১৮ লাখ ৮০ হাজার ১৮৭ টাকা ও সম্পদ ৭০ লাখ ৯১ হাজার ৮৪১ টাকা। তিনি কর দিয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৪৭ টাকা। স্ত্রীর বার্ষিক আয় ১৯ লাখ ৫ হাজার ৯৪২ টাকা ও সম্পদ ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৫৩ টাকা। স্ত্রী কর দিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ২১১ টাকা। তবে স্ত্রীর পেশা উল্লেখ করা হয়নি।
নির্বাচনী ব্যয়ের চিত্র:
নির্বাচনী দৌড়ে খুলনার ছয়টি আসনে প্রার্থীরা যে ব্যয়ের পরিকল্পনা জমা দিয়েছেন, তাতে উঠে এসেছে ব্যয়ের উৎসের বৈচিত্র্য। নিজের ব্যবসার আয়, পরিবারের সদস্যদের অনুদান, আত্মীয়স্বজনের সহযোগিতা এবং দলীয় তহবিল, সব মিলিয়েই সাজানো হয়েছে নির্বাচনী হিসাব। ছয়টি আসনের মধ্যে জামায়াতে ইসলামীর পাঁচ প্রার্থী দল থেকে মোট ৪৫ লাখ টাকা অনুদান পাওয়ার কথা জানিয়েছেন।
সবচেয়ে কম খরচের পরিকল্পনা দিয়েছেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল মাত্র ১৪ লাখ টাকা। অন্যদিকে সর্বোচ্চ ব্যয়ের পরিকল্পনা খুলনা-৫ আসনের বিএনপি প্রার্থী আলী আজগর লবী ৩৯ লাখ ৭৭ হাজার টাকা।
খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ২৬ লাখ টাকার ব্যয়ের মধ্যে ১০ লাখই দেবেন তার আইনজীবী স্ত্রী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে ব্যয় ধরেছেন ৩০ লাখ টাকা, যার অর্ধেকই দলীয় অনুদান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, প্রার্থীরা যে ব্যয়ের হিসাব জমা দেন, বাস্তবে ব্যয় হয় তার চেয়ে অনেক বেশি। নির্বাচন কমিশনের উচিত এসব ব্যয়ের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করা।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন মাঠে রয়েছে। প্রতিটি ধাপ আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। খুলনায় মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ৩৫ জনের।











































