Home আঞ্চলিক সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে আহত হওয়া সেই বাঘের শারিরীক অবস্থার উন্নতি

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে আহত হওয়া সেই বাঘের শারিরীক অবস্থার উন্নতি

24

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনের গহীনে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে আটকে আহত হওয়া একটি স্ত্রী বাঘ বর্তমানে খুলনার বন্যপ্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘটির শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যেই বাঘটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।


বুধবার (৭ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, গত ৪ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে উদ্ধার করা আহত বাঘটি প্রথমদিকে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। চিকিৎসা শুরুর পর এটি পানি পান ও খাদ্য গ্রহণ শুরু করেছে। ধীরে ধীরে এর ভেতরে স্বাভাবিক বন্য ক্ষিপ্রতা ফিরে আসছে।

তিনি আরও জানান, বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকার নাইনের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাঘটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ডা. হাদী নুর আলী খানের নেতৃত্বে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতে খুলনায় পৌঁছায়। বুধবার সকালে তারা বাঘটির বিস্তারিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

প্রফেসর ডা. হাদী নুর আলী খান জানান, ফাঁদে আটকে থাকার কারণে বাঘটির সামনের বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চলনভঙ্গি দেখে তারা নিশ্চিত হয়েছেন, এর কোনো হাড় ভাঙেনি, যা অত্যন্ত আশাব্যঞ্জক। তাদের আশা, স্বল্প সময়ের মধ্যেই বাঘটি সুস্থ হয়ে আবার বনে ফিরে যেতে পারবে।

বর্তমানে বাঘটির ক্ষত শুকানোর প্রক্রিয়া চলছে। এ সময় মানুষের অতিরিক্ত উপস্থিতিতে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। কারণ এটি সম্পূর্ণ একটি বন্য প্রাণি, যা কখনো মানুষের সংস্পর্শে আসেনি। ফলে সুস্থ হয়ে ওঠার জন্য এটির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ চিকিৎসক দলের অন্য সদস্যরা হলেন- প্রফেসর ডা. মো. গোলাম হায়দার (গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়), ডা. মো. গোলাম আযম চৌধুরী (প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার-সিডিআইএল, ঢাকা) এবং ডা. নাজমুল হুদা (এডিশনাল ভেটেরিনারি অফিসার, সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল, ঢাকা)।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, সুস্থ হওয়ার পর বাঘটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে। একই সঙ্গে সুন্দরবনে হরিণ শিকার ও বন্যপ্রাণি নিধনের মতো অপরাধ রোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি।