Home Lead যশোর-ঝিনাইদহে গুলির আতঙ্ক: যুবক নিহত, মুদি দোকানি গুলিবিদ্ধ

যশোর-ঝিনাইদহে গুলির আতঙ্ক: যুবক নিহত, মুদি দোকানি গুলিবিদ্ধ

23

স্টাফ রিপোর্টার।।

যশোর ও ঝিনাইদহে পৃথক দুটি বন্দুক হামলার ঘটনায় এক যুবক নিহত এবং এক মুদি দোকানি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

যশোরের মনিরামপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি এলাকায় চরমপন্থি দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপালিয়া বাজারে রানা প্রতাপের একটি বরফকল রয়েছে। ঘটনার সময় তিনি বরফকলের পাশে ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। তবে এর বেশি বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মুদি দোকানি মতিয়ার রহমান মতি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ভারত সীমান্তসংলগ্ন ভাষানপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মতি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মতিয়ার রহমান মতি মোটরসাইকেলে করে ভৈরবার দিকে যাওয়ার পথে পেছন থেকে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদা জানান, গুলিবিদ্ধ অবস্থায় মতিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, মতিয়ার রহমান মতিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলিটি তার পিঠের পেছন দিক দিয়ে শরীরে প্রবেশ করেছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, দুটি ঘটনার ক্ষেত্রেই এখনো হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।