Home আঞ্চলিক নাব্য সংকটে হুমকিতে নওয়াপাড়া নৌবন্দর

নাব্য সংকটে হুমকিতে নওয়াপাড়া নৌবন্দর

19


নওয়াপাড়া প্রতিনিধি।।

ভোরের ভৈরব নদ আর সন্ধ্যার ভৈরব নদ-দুটোর চেহারায় আজ আর কোনো পার্থক্য নেই। কোথাও পানির গভীরতা কমে হাঁটু সমান, কোথাও আবার জেগে উঠেছে চরের সারি। অথচ এই নদীই এক সময় বহন করত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির বিশাল ভার।


নওয়াপাড়া নৌ-বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্য ব্যবস্থার প্রাণভোমরা ভৈরব নদ আজ নাব্যতা সংকটে অস্তিত্ব হারানোর মুখে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজসংলগ্ন এলাকা থেকে শুরু করে বন্দর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে পলি জমে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।


নদী বিশেষজ্ঞদের মতে, ভৈরব নদের নাব্যতা সংকট কোনো হঠাৎ ঘটনা নয়। এটি বছরের পর বছর অপরিকল্পিত ড্রেজিং, অনিয়ম ও অবহেলার ফল। প্রয়োজন অনুযায়ী ধারাবাহিক খনন না হওয়ায় প্রতিবার বর্ষা শেষে পলি জমে নদী আরও সংকুচিত হয়ে পড়ছে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ড্রেজিংয়ের নামে মাঝে মাঝে কাজ শুরু হলেও তা স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হচ্ছে। অনেক ক্ষেত্রে খনন করা পলি নদীর পাশেই ফেলা হয়, যা কয়েক মাসের মধ্যেই আবার নদীতে ফিরে আসে।

নওয়াপাড়া বন্দরের ওপর নির্ভরশীল শুধু ব্যবসায়ীরা ননÑজাহাজ শ্রমিক, কুলি, ট্রাক চালক, গুদাম শ্রমিকসহ হাজারো মানুষের জীবিকা এই নদীর সঙ্গে জড়িত। নাব্যতা কমে যাওয়ায় জাহাজ চলাচল কমছে, ফলে কাজ হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন অনেক শ্রমজীবী মানুষ। ব্যবসায়ী নূর আলম পাটোয়ারীর ভাষায়, ‘নদী মরলে বন্দর মরবে, আর বন্দর মরলে পুরো নওয়াপাড়া অচল হয়ে যাবে।’ বিআইডব্লিউটিএ বলছে, ড্রেজিং চলছে। তবে স্থানীয়দের প্রশ্ন এই ড্রেজিং কি যথেষ্ট? কেন প্রতিবছর একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে? কেন দীর্ঘমেয়াদি কোনো মাস্টারপ্ল্যান দৃশ্যমান নয়? নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, চারটি ড্রেজার দিয়ে খনন কাজ চলমান। তবে বিশেষজ্ঞরা বলছেন, খ-িত উদ্যোগ নয় প্রয়োজন সমন্বিত ও স্থায়ী নদী ব্যবস্থাপনা।


নওয়াপাড়া নৌ-বন্দর দিয়ে বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়। এই বন্দর অকার্যকর হলে বিকল্প বন্দরে পণ্য খালাসে খরচ বাড়বে, যার প্রভাব পড়বে সার, খাদ্যশস্য ও বিদ্যুত উৎপাদন খাতে। ভৈরব নদ কেবল একটি নদী নয় এটি একটি অর্থনৈতিক করিডোর। এই করিডোর যদি পরিকল্পিতভাবে রক্ষা না করা হয়, তবে একদিন প্রশ্ন উঠবে ভৈরব কি প্রাকৃতিক কারণে মরেছে, নাকি অবহেলায়?