ক্রীড়া প্রতিবেদক।।
চট্টগ্রাম রয়্যালস রীতিমতো উড়িয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ব্যাটিংয়ে খেই হারানোর পর নির্বিষ বোলিংয়ে ডুবেছে রাজধানীর দলটি। বিপিএলে গতকাল ঢাকাকে ৪৪ বল হাতে রেখে ১০ উইকেটে হারিয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম।
শরিফুল ইসলাম, তানভীর ইসলামদের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ঢাকার ব্যাটাররা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় মোহাম্মদ মিঠুনের দল। ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে নোঙর ফেলে চট্টগ্রাম। দুই ওপেনার অ্যাডাম রসিংটন আর মোহাম্মদ নাঈম দলকে জয়ী করে মাঠ ছাড়েন। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন নাঈম। নিলামে কোটি টাকা পাওয়া একমাত্র ক্রিকেটারের এই আসরে এটি প্রথম ফিফটি। তার সঙ্গী রসিংটন মাঠ ছাড়েন ৩৬ বলে ৬০ রানে অপরাজিত থেকে।
এর আগে ঢাকাকে শুরু থেকেই চেপে ধরেন চট্টগ্রামের বোলাররা। বাঁহাতি পেসার শরিফুলের গতি আর বাঁহাতি স্পিনার তানভীরের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। উইকেট শিকারের শুরুটা করেন শরিফুল। সাইফ হাসানকে (১) এলবি করে সাজঘরে ফেরত পাঠান তিনি। এরপর তার দ্বিতীয় শিকার আফগান ওপেনার জুবাইদ আকবরী। ১২ বল খেলে মাত্র ২ রান করেন তিনি। মুকিদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আকবরী। কিছু সময় পরই তানভীরের শিকার উসমান খান (২১)। ৩৯ রানে ৩ উইকেট হারায় ঢাকা। এরপর আসা যাওয়ার মিছিয়ে শামিল হন ঢাকার ব্যাটাররা। ৬৬ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। সেখান থেকে লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে সঙ্গত দেন নাসির হোসেন। অষ্টম উইকেটে তারা ৪৮ রানের জুটি গড়েন। নাসির ফেরেন ২০ বলে ১৭ রান করে। ২৫ বলে অপরাজিত ৩৩ রান করে দলকে ১২০ পার করান সাইফউদ্দিন। তবে শামীম পাটোয়ারীর ব্যাট এ ম্যাচে হাসেনি। আগের দিন ৪৩ বলে অপরাজিত ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। এদিন ৭ বলে ৪ রানে আউট হন তিনি। এ ছাড়া সাব্বির রহমান করেন ৮ বলে ৯ রান। বিপিএলে সর্বোচ্চ ৪টি স্টাম্পিংয়ের রেকর্ড গড়েছেন রসিংটন। উমর আকমল ও মোহাম্মদ শেহজাদের তিনটি করে স্টাম্পিংয়ের রেকর্ড ছিল এত দিন। এদিন রসিংটন ফেরান উসমান, শামীম, সাব্বির ও ইমাদকে। চট্টগ্রামের হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন শরিফুল। তানভীরের শিকার ৮ রানে ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান।
রান তাড়ায় হেসেখেলেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। যদিও রসিংটনকে ফেরানোর একটা সুযোগ পেয়েছিল ঢাকা। ব্যক্তিগত ১৭ বলে ২৪ রানে থাকা অবস্থায় সাইফউদ্দিনের বলে তার ক্যাচ ছাড়েন ইমাদ। সেই রসিংটন শেষ পর্যন্ত ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। তার সঙ্গী নাঈম ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয় চট্টগ্রামের। সমানসংখ্যক ম্যাচে ঢাকার দ্বিতীয় হার।











































