Home খেলাধুলা মোস্তাফিজ কেন আইপিএল থেকে বাদ পড়েছেন?

মোস্তাফিজ কেন আইপিএল থেকে বাদ পড়েছেন?

21


স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোকে শুরুতে নিখুঁত ক্রিকেটিং কৌশল হিসেবেই দেখেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত ডিসেম্বরে আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হন মোস্তাফিজ।

কিন্তু খেলাধুলা ও ভূরাজনীতির জটিল সমীকরণে বড় এক সিদ্ধান্তে ২০২৬ মৌসুম শুরুর আগেই কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দিতে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার কয়েকটি কারণ ব্যাখ্যা করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিচে পাঠকদের জন্য দেওয়া হলো।

১. তীব্র ভূরাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন

মোস্তাফিজের বিদায়ের মূল কারণ ভারত–বাংলাদেশের অবনতিশীল কূটনৈতিক সম্পর্ক। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতির’ প্রেক্ষিতেই কেকেআরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেট মহলে এই বক্তব্যকে বাংলাদেশকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নাগরিক অশান্তির দিকেই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে একজন হাইপ্রোফাইল বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, ফলে ফ্র্যাঞ্চাইজিটির নিজস্ব ক্রিকেটিং পরিকল্পনা সত্ত্বেও শীর্ষ মহলের নির্দেশ মানতে বাধ্য হচ্ছে কেকেআর।

২. অবনতি হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও নাগরিক অস্থিরতা

মোস্তাফিজের বিদায়কে আলাদা করে দেখার সুযোগ নেই ভারত–বাংলাদেশ সম্পর্কের বর্তমান বাস্তবতা থেকে। সূত্রের খবর, বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা ও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েন বিসিসিআইকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে।

এ অবস্থার প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজেও। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সূচি নিয়ে বিসিসিআই এখনো নিশ্চিত কোনো বার্তা দেয়নি।

৩. মানবাধিকার ও সাম্প্রদায়িক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ। ময়মনসিংহে এক গার্মেন্টস শ্রমিক হত্যাকাণ্ড এবং রাজবাড়ীতে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলো ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

এর জেরে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অনেকে দাবি তোলে-মানবিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্রীড়াঙ্গনের সম্পর্ক স্থগিত রাখা হোক।

৪. রাজনৈতিক ও ধর্মীয় চাপের বৃদ্ধি

মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি দ্রুতই রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়, বিশেষ করে কেকেআরের হোম ভেন্যু কলকাতা হওয়ায়। বিজেপি নেতা কৌস্তভ বাগচি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, কলকাতায় কোনো ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে না। এমনকি তিনি বলেন, ‘এটা হলে আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না।’

কিছু ধর্মীয় সংগঠনও একই সুরে কথা বলে কেকেআরের সহ-মালিককে ‘দেশদ্রোহী’ আখ্যা দেয় এবং যুক্তি দেয়-সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের আর্থিক সুবিধা দেওয়া উচিত নয়।

৫. নিরাপত্তা ও জনশৃঙ্খলার শঙ্কা

কেকেআর শুরুতে বিষয়টিকে পুরোপুরি ক্রিকেটীয় সিদ্ধান্ত হিসেবেই দেখেছিল। তবে বিসিসিআইয়ের হস্তক্ষেপ স্পষ্ট করে দেয়-নিরাপত্তা ও জনশৃঙ্খলাই ছিল অগ্রাধিকার। ইডেন গার্ডেনে একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সম্ভাব্য বিক্ষোভ বা বিশৃঙ্খলার আশঙ্কা বোর্ডকে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি থেকে সরাসরি নির্দেশে যেতে বাধ্য করে।

রাজনৈতিক কর্মী ও উগ্রপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যে হুমকি দিয়েছিল, কলকাতায় বাংলাদেশি ক্রিকেটার খেললে প্রতিবাদ করা হবে। এমনকি ইডেন গার্ডেনের পিচ ক্ষতিগ্রস্ত করার হুমকিও আসে। টুর্নামেন্ট ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই শেষ পর্যন্ত বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নেয়।

৬. কৌশলগত ও আর্থিক জটিলতা

রাজনীতির বাইরেও মোস্তাফিজকে ঘিরে কিছু বাস্তব জটিলতা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মোস্তাফিজকে আইপিএলের মাঝপথে ৮–১০ দিন ছুটি নিতে হবে।

কেকেআরের জন্য এটি বড় কৌশলগত ধাক্কা। ইডেন গার্ডেনের ধীরগতির পিচে তার কাটার ও ডেথ ওভারের দক্ষতাকে মূল অস্ত্র হিসেবে ভাবা হয়েছিল। যদিও বিসিসিআই কেকেআরকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে, তবে মৌসুমের এত কাছাকাছি সময়ে মুস্তাফিজের মতো মানের বোলার খুঁজে পাওয়া সহজ হবে না।