Home খেলাধুলা মোস্তাফিজ ইস্যুতে যে প্রতিক্রিয়া জানাল কলকাতা

মোস্তাফিজ ইস্যুতে যে প্রতিক্রিয়া জানাল কলকাতা

9


স্পোর্টস ডেস্ক

আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার পর অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার এক বিবৃতিতে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা জানায়, আইপিএল বিধি অনুযায়ী তারা বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে।

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির কারণে-যেখানে হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে-আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের এই নির্দেশনার প্রায় দুই ঘণ্টা পর কেকেআর নিজেদের বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, আইপিএল কর্তৃপক্ষের নিয়ম মেনেই ফ্র্যাঞ্চাইজিটি বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার অনুমতি পাবে।

কেকেআরের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল কলকাতা নাইট রাইডার্সকে আসন্ন আইপিএল মৌসুমের আগে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে-এ বিষয়টি কেকেআর নিশ্চিত করছে।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। আইপিএল বিধিমালা অনুসারে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’

উল্লেখ্য, আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে নিতে কেকেআরকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র নিলাম জড়াতে হয়েছিল। কয়েক মিনিটের উত্তপ্ত বিডিংয়ের পর শেষ পর্যন্ত কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর ও প্রধান কোচ অভিষেক নায়ার ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভেড়াতে সক্ষম হন।