Home খেলাধুলা মোস্তাফিজ প্রসঙ্গে যা বললেন ভারতের সাবেক ব্যাটার কাইফ

মোস্তাফিজ প্রসঙ্গে যা বললেন ভারতের সাবেক ব্যাটার কাইফ

8


স্পোর্টস ডেস্ক।।
আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ ঘিরে চলমান বিতর্কে সবাইকে ‘অপেক্ষার খেলা’ খেলতে আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ। তার মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তড়িঘড়ি কোনো মন্তব্য না করে বিসিসিআইয়ের সিদ্ধান্তের অপেক্ষা করাই শ্রেয়।

বাঁহাতি এই পেসারকে আইপিএল ২০২৬-এর মিনি নিলামে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। তবে সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনার পর ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে, যা মোস্তাফিজকে ঘিরে বিতর্ককে আরও তীব্র করে তোলে।

বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি গার্মেন্টস কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এর কয়েক দিন পর রাজবাড়ীর পাংশা উপজেলার কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে আরেক হিন্দু যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়। এসব ঘটনায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই প্রেক্ষাপটে ভারতের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য কেকেআর ও দলের সহ-মালিক শাহরুখ খানকে দায়ী করছেন। তাদের অভিযোগ, নিলামের সময় জাতীয় আবেগের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো-আবুধাবিতে অনুষ্ঠিত সেই মিনি নিলামে শাহরুখ খান উপস্থিত ছিলেন না। শেষ পর্যন্ত কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার ও সিইও ভেঙ্কি মাইসোরই মোস্তাফিজের জন্য সর্বোচ্চ দর হাঁকান।

মোস্তাফিজকে দলে নিতে কেকেআরকে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে তীব্র দরযুদ্ধে জড়াতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিই বাংলাদেশি এই পেসারকে নিজেদের স্কোয়াডে ভেড়াতে সক্ষম হয়।

দুবাইয়ে আইএলটি২০ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাইফ বলেন, বিষয়টি সম্পর্কে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই, তাই তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করতে চান না।

টাইমস অব ইন্ডিয়াকে কাইফ বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমার খুব বেশি ধারণা নেই। গত দুই-তিন সপ্তাহ আমি দুবাইতেই ছিলাম। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে-সবকিছুই বিসিসিআইয়ের আওতায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতেই।’

তিনি আরও যোগ করেন, ‘এটা একটি সংবেদনশীল ইস্যু। তাই এখানে বসে আমি কোনো মন্তব্য করতে চাই না। অপেক্ষা করাই সবচেয়ে ভালো। বাইরে থেকে অনেক কিছু লেখা যায়, কিন্তু বাস্তবে মাঠপর্যায়ে কী হচ্ছে, সেটা আমাদের জানা নেই।’

এ সময় সবাইকে ধৈর্য ধরার এবং বিসিসিআইয়ের ওপর আস্থা রাখার আহ্বান জানান কাইফ। তার মতে, এমন পরিস্থিতিতে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, তা ভারতীয় ক্রিকেট বোর্ড ভালোভাবেই জানে।

‘তাই আমরা যেন তড়িঘড়ি সিদ্ধান্তে না যাই। অপেক্ষা করে দেখি কী হয়। বিসিসিআই বড় বড় লিগ পরিচালনা করে, তারা জানে কী করতে হবে এবং কীভাবে করতে হবে,- বলেন ভারতের সাবেক এই ব্যাটার।

উল্লেখ্য, আইপিএল ২০২৫ মৌসুমে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি জেক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গা নেন। এর আগে তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন।