স্টাফ রিপোর্টার।।
দীর্ঘ অপেক্ষার অবসান। দেড় যুগেরও বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আজ। তার ফেরার মূহূর্তে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর তার ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান একটি ছবি যুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
এর আগে ২৫ ডিসেম্বর ভোর ৫টা ১৫ মিনিটে একটি পোস্ট দেন তারেক রহমান। ‘ফেরা’ শিরোনাম দিয়ে ওই পোস্টের সঙ্গে তিনি নিজের একটি ছবি যুক্ত করে দিয়েছেন। এতে দেখা যায়, তারেক রহমান উড়োজাহাজে তার আসনে বসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নথি পড়ছেন।
১৭ বছর পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশের উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন তিনি। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।
এর আগে রাত ৮টার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তাদের বহনকারী বিমানা বাংলাদেশের ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছে যাত্রা বিরতির পর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।









































