স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাবেক জেষ্ঠ্য প্রতিবেদক হারুন অর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০২৪ সালের ২১ ডিসেম্বর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সম্প্রতি তার স্ত্রীও প্রয়াত হয়েছেন।
সদালাপী হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ছিলেন। তার কর্মজীবনে দৈনিক অনির্বানসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
পরিবারের সূত্র জানায়, হারুন অর রশিদ ১৯৬৯ সালের ২ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সাঈদ হাওলাদার ও মাতা মৃত সুফিয়া বেগম। তাদের তিন ছেলের মধ্যে হারুন অর রশিদ দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে হুমায়রা বিনতে হারুন খুলনার সরকারি পাইওনিয়ার কলেজে পড়াশোনা করছেন। ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী। তারা বর্তমানে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়ার রাজাপুরে ভাড়া বাড়িতে বসবাস করছে।









































