সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে গোলাম হোসেন নামে এক চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিসহ ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত চিংড়ি চাষি গোলাম হোসেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে।
নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, তাদের বাড়িতে চলাচলের রাস্তা সম্প্রতি বন্ধ করে দেয় প্রতিবেশী ইমান আলী মোড়ল ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করায় প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়। শনিবার সকাল ১০টার দিকে তার বাবা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে এমান আলীর ছেলে সাইফুল, ফরুক, সেলিম ও বদরুদ্দীনের ছেলে রেজাউল ধারালো অস্ত্র ও ছোরা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার বাবাকে জখম করে। স্থানীয় লোকজন দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
ডা. সাকির হোসেন জানান, নিহতের পিঠ, বুক ও কাঁধসহ শরীরের চারটি স্থানে ছুরিকাঘাত ও কোপের চিহ্ন রয়েছে। লোহার রড দিয়ে আঘাত করারও প্রমাণ মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হতে পারে বলে তিনি জানান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা অপরাধীদের ধাওয়া করে একটি ঘরে অবরুদ্ধ করে ফেলে। ঘটনাস্থল থেকে সাইফুল, সেলিম, ফারুক ও রেজাউলসহ ৯ জনকে আটকের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল গফুর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত তিনজন আত্মসমপর্নকৃত বনদস্যু সিরাজুলের ভাই।










































