Home আন্তর্জাতিক নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

15

অনলাইন ডেস্ক।।

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে ইরানি নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তাঁর সমর্থকরা। ৫৩ বছর বয়সী এই নারী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে আটকের বিষয়ে তেহরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সমর্থকরা কয়েক মাস ধরেই সতর্ক করছিলেন, তাঁকে আবার কারাগারে পাঠানো হতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

২০২৪ সালের ডিসেম্বরে কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছিলেন নার্গিস। তাঁকে গত সপ্তাহে তাঁর অফিসে এক স্মরণ অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন কর্মীর সঙ্গে আটক করা হয়। তাঁর ফাউন্ডেশন সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য দিয়েছে।

মোহাম্মাদির স্বামী তাকি রাহমানি বলেছেন, তিনি পূর্বের শহর মাশহাদের সেই অনুষ্ঠানে তাঁর সহকর্মী বিশিষ্ট কর্মী সেপিদেহ গোলিয়ানের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন। নার্গিসের ফাউন্ডেশন জানিয়েছে, তাঁর ভাই মেহদি মোহাম্মাদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনিই তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ডিসেম্বরে মুক্তি পাওয়ার আগে মোহাম্মাদি ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে ছিলেন। ইরানে মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

অসলোতে ২০২৩ সালের শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত কারাগারে থাকাকালে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে নার্গিসকে অতিরিক্ত ১৫ মাসের কারাদণ্ড দেয়। তাঁর সন্তানরা তাঁর পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেছিলেন।