Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় দেশীয় প্রজাতির ১৮টি ঘুঘু অবমুক্ত

চুয়াডাঙ্গায় দেশীয় প্রজাতির ১৮টি ঘুঘু অবমুক্ত

16

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিকারির হাত থেকে দেশীয় প্রজাতির ১৮টি ঘুঘু পাখি উদ্ধার করে প্রকৃতির মাঝে ফিরিয়ে দেয়া হয়েছে। শিকারির ফাঁদ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।


রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পাখিগুলো উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে অবমুক্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে আসা একটি শিকারি চক্র বাঁশের লাঠির মাথায় ঝুলন্ত খাঁচার মধ্যে মা ঘুঘু পাখি রেখে ফাঁদ পাতে। মা পাখির করুণ সুরে আশপাশের ঘুঘুরা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে খাঁচার ভেতরে ঢুকে আটকা পড়ে। শনিবার দুপুরে তিনজন শিকারি এই ফাঁদে ঘুঘু শিকার করছিল। আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের সচেতন নাগরিক জাহিদুল ইসলামের ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিলে দুজন শিকারি ১৮টি ঘুঘু পাখি ও ব্যবহৃত সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। অপর একজন তার শিকারসহ পালাতে সক্ষম হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বসু রোববার উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে প্রকৃতির বুকে উন্মুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আশীষ কুমার বসু বলেন, ‘বন্যপ্রাণী নিধন আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। ঘুঘু পাখির মতো নিরীহ প্রাণীরা প্রকৃতির স্বাভাবিক চক্রের অংশ, তারা পরিবেশকে পরিশুদ্ধ রাখতে ভূমিকা রাখে। তাদের নির্বিচারে শিকার একদিকে যেমন আইনবিরোধী, অন্যদিকে আমাদের ভবিষ্যৎ পরিবেশকে ঝুঁকির মুখে ফেলে। আজ যে সচেতন তরুণরা শিকারিদের হাত থেকে পাখিগুলোকে উদ্ধার করেছেন, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কাজে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধই আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করবে।’

ঘুঘু পাখি অবমুক্তকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরোন, উপদেষ্টা সাদ্দাম খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দফতর সম্পাদক আল রাব্বি ও কোষাধ্যক্ষ আতিকুজ্জামান মেরাজ।