কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৯ ঘণ্টা পর ডোবা থেকে রাইসা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১ অক্টোবর) রাতে বাড়ির পেছনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
নিইত রাইসা উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার আকরাম সরদারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দুপুর ১২টার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান মেলেনি। পরে রাত ৯টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় রাইসার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোমিনুল হক জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে রাইসা পানিতে ডুবেই মারা গেছে। তার শরীরের কোন আঘাতের চিহ্নও ছিল না। তাছাড়া পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।










































