Home আঞ্চলিক বাগেরহাটে হরতালের প্রভাব পড়েছে পর্যটন খাতে

বাগেরহাটে হরতালের প্রভাব পড়েছে পর্যটন খাতে

15

বাগেরহাট প্রতিনিধি।।


আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলমান টানা ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধের প্রভাবে পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে দুটি ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন বাগেরহাটে অবস্থিত হওয়ায় সাধারণত এই সময় পর্যটকের ভিড় থাকে। কিন্তু হরতালের কারণে করমজলসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীর উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে স্থানীয় দোকানি, ট্যুরিজম ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের জীবিকায় মন্দাভাব নেমে এসেছে।


রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া হরতালে পর্যটন এলাকাগুলো প্রায় ফাঁকা। ষাটগম্বুজ মসজিদের সামনে দোকান চালানো আব্দুল হাকিম বলেন, ‘সাধারণত এই সময় অনেক ভ্রমণকারী আসেন। কিন্তু হরতাল শুরুর পর থেকে বিক্রি একেবারেই নেই। দোকান খোলা রাখলেও ক্রেতা নেই। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।’ আরেক দোকানি রহিমা বেগম বলেন, ‘আমরা যারা দিন আনে দিন খাই, তাদের জন্য হরতাল বড় ভোগান্তি। সকাল থেকে এখন পর্যন্ত এক কাপ চাও বিক্রি হয়নি।’

ষাটগম্বুজ মসজিদ প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টডিয়ান মো. যায়েদ বলেন, ‘হরতালের কারণে দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। প্রতিদিন যেখানে শত শত মানুষ আসতেন, সেখানে এখন হাতে গোনা কয়েকজনই উপস্থিত। এতে রাজস্ব আয়েও প্রভাব পড়ছে।’

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘দর্শনার্থীরা দিনে এসে সুন্দরবন ভ্রমণ করে আবার ফিরতেন। কিন্তু হরতালের কারণে তারা আর আসতে পারছেন না। ফলে করমজল পর্যটন কেন্দ্র এখন একেবারেই ফাঁকা। এতে শুধু পর্যটকই ক্ষতিগ্রস্ত হয়নি, সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বাগেরহাট জেলার ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা হরতালের কারণে গুরুতর ক্ষতির কথা জানিয়েছেন। তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে পর্যটন খাত থেকে উপার্জন করেই আমাদের সংসার চলে। হঠাৎ করে হরতাল শুরু হওয়ায় ব্যবসা চলাচল বন্ধ এবং আয় বন্ধ হয়ে গেছে।’

প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। বাগেরহাটবাসী আপত্তি জানালেও ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে তিনটি আসন বহাল রাখা হয়। নতুন গেজেট অনুযায়ী আসনগুলো হলো:

দীর্ঘদিন ধরে জেলায় চারটি আসনে নির্বাচন হয়ে আসলেও এবার এক আসন কমানোর প্রস্তাব দেয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছেন। ফলে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আসন পুনর্বহাল না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।

এই পরিস্থিতিতে পর্যটক কমে যাওয়ায় এলাকার ট্যুরিজম খাত বিপর্যস্ত, স্থানীয় ব্যবসায়ী, হোটেল ও রেস্টুরেন্টগুলো অচল, এবং সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা। এতে সরকারের রাজস্ব আয়ও কমে যাচ্ছে।