স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সুশাসন ও কার্যকর নীতি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন আয়োজিত এক সেমিনারে ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সময় সংবাদ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন আয়োজিত এক সেমিনারে ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সময় সংবাদ
আব্দুল্লাহ আল মামুন রুবেল
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন আয়োজিত এক সেমিনারে কী-নোট বক্তা হিসেবে তিনি এ বক্তব্য রাখেন।
ড. দেবপ্রিয় বলেন, ‘সংস্কারের জন্য প্রথমে চিন্তাগত দৃঢ়তা অর্জন, সমস্যা চিহ্নিতকরণ ও বাস্তবায়নের জন্য কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা, সংস্কারের উদ্দেশ্য স্পষ্টকরণ এবং কোনো স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে তা নির্ধারণ জরুরি।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের অংশগ্রহণ ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয়। বিনিয়োগে গতি আনা এবং সংস্কারকে সর্বজনীন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেয়া দরকার। তার মতে, সংস্কার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি সামগ্রিক প্রক্রিয়া। এজন্য প্রগতিশীল রাজনৈতিক বন্দোবস্ত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রাকে বেগবান করতে যুগোপযোগী সুশাসন ও নীতি সংস্কার অপরিহার্য। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।’
ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান ড. কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আইরিন আজহার ঊর্মি।
সেমিনারে বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, আন্তর্জাতিক বিষয়ক দফতরের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, সিপিডি’র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।











































