Home বিনোদন কেউ যেন আঙুল তুলে কথা না বলতে পারে: পপি

কেউ যেন আঙুল তুলে কথা না বলতে পারে: পপি

16


বিনোদন ডেস্ক।।

শোবিজ থেকে আড়ালে আছেন নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে অভিনয়কে বিদায় জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তাকে পাওয়া যায় না শোবিজের কোনো অনুষ্ঠানেও। তবে চলতি বছর ফেব্রুয়ারিতে স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। তাও আবার নায়িকার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা- এমন অভিযোগে। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।

এদিকে, আজ পপির (১০ সেপ্টেম্বর) জন্মদিন। বিশেষ এদিনটি ঘরোয়া আয়োজনেই কাটাচ্ছেন তিনি। পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’

জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তার সমর্থনেই পথচলা সহজ হয়েছে।’

পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে তিনি অভিনয়ে ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নন। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি।’

জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’। সাদেক সিদ্দিকীর পরিচালনায় এর শুটিং শুরু হয় ২০১৯ সালে। আর ২০২১ সালে এটি সেন্সর ছাড়পত্র পায়। সিনেমাকে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।