Home জাতীয় নির্বাচনই বিএনপি’র সামনে বড় চ্যালেঞ্জ

নির্বাচনই বিএনপি’র সামনে বড় চ্যালেঞ্জ

13


ঢাকা অফিস।।
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণের মধ্যদিয়ে রাজধানীসহ সারা দেশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন নেতাকর্মীরা। গতকাল সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে-সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে সর্বোতভাবে সহযোগিতা করা, সাহায্য করা।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হলে পুরো সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে। পুষ্পস্তবক অর্পণের পরে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। এদিন সকাল ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। সেখানে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার বিষয়ক কমিশনগুলো, সেই সংস্কারগুলো বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপি’র ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, জনগণের সমর্থনের মধ্যদিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে। অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তনও ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্যদিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্যদিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ জিয়া জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশে বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালির কর্মসূচি ছিল বিএনপি’র। কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে র‌্যালি বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩রা সেপ্টেম্বর রয়েছে সারা দেশে উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রার কর্মসূচি। এরপরের দিন ৪ঠা সেপ্টেম্বর সারা দেশে মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান এবং ৫ই সেপ্টেম্বর ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার এবং জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।