সৈয়দ রানা কবীর ।।
দীর্ঘদিন ধরে সড়কপথে বেপরোয়া চলাচলকারী ব্যাটারিচালিত থ্রি-হুইলার বা ইজিবাইকগুলোর জন্য বড় নীতিগত পরিবর্তন আসছে। এই যানবাহনগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে এবং চালকদের পেশাগত স্বীকৃতি দিতে অন্তর্বতী সরকার ‘ইলেকট্রিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ নামে একটি খসড়া নীতিমালা প্রনয়ণ করেছে। এর ফলে যেসব চালক ও যানবাহন ‘অবৈধ’ ও ‘অবিন্যস্ত’ পরিচয়ে পরিচিত ছিলেন, তারা এখন নাগরিক অধিকার ও মর্যাদার আওতায় আসতে যাচ্ছে। তবে প্রধান সড়কে কোন ব্যাটারী চালিত অটোরিকশা চলবে না। এই নীতিমালার বাস্তবায়ন হলে বাদ পড়তে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২০ লাখ অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রী-হুইলার।
‘ইলেকট্রিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালার খসড়ায় বলা হয়েছে, ব্যাটারিচালিত থ্রি-হুইলার চালাতে হলে বিআরটিএ’র নিবন্ধন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হবে। এর ফলে এই পরিবহন মাধ্যমটি সরকারিভাবে স্বীকৃত হবে। চালকরাও পাবেন পেশাগত পরিচয় ও সামাজিক স্বীকৃতি। নীতিমালার আওতায় এক বছরের মধ্যে অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ যানবাহনগুলোকে নির্ধারিত নিরাপদ মডেলে রূপান্তর করতে হবে, নতুবা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি তথ্যমতে, বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ দেশে প্রায় ৭০ লাখ ব্যাটারিচালিত থ্রি-হুইলার চলাচল করছে। তবে বিশেষজ্ঞ ও যাত্রীকল্যান পরিষদের তথ্যমতে , এ হিসাবের বাইরেও আরো রয়েছে প্রায় ২০ থেকে ৩০ লাখ ব্যাটারিচালিত থ্রি-হুইলার। এরমধ্যে শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই রয়েছে প্রায় ২০ থেকে ৩০ লাখের বেশী ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার। বিশাল এখাতে কোন নীতিমালা না থাকায় সৃষ্ট হচ্ছে ট্রাফিক বিশৃঙ্খলা, নিরাপত্তার ঝুঁকি। মহাসড়কেও ব্যাপক যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে ।
বিশেষজ্ঞরা মনে করেন, ধীরগতির এই যানগুলো যখন বাস, ট্রাক বা দ্রুতগতির যানবাহনের সঙ্গে একই রাস্তায় চলে, তখনই সবচেয়ে বড় বিপত্তি ঘটে। তাই নীতিমালায় বড় সড়ক মহাসড়কে এ ধরনের যানবাহনের সরাসরি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে, সার্ভিস লেনে এসব যান চলাচলের সুযোগ রাখা হয়েছে। কিন্তু যাদের এই আইন বা নির্দেশ বাস্তবায়নের দ্বায়িত্ব তারা রয়েছে চরমভাবে উদাসীন।
নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, ব্যাটারিচালিত থ্রি-হুইলার চলতে পারবে শুধুমাত্র নির্ধারিত রুটে, সিটি করপোরেশন এলাকায়, ‘এ’ শ্রেণির পৌরসভা এবং জেলা বা উপজেলা সদরের নির্দিষ্ট অঞ্চলে। প্রতিটি এলাকার যাত্রী ও পণ্য পরিবহন কমিটি নির্ধারণ করবে কতগুলো যান চলবে, যাতে সড়কে অতিরিক্ত চাপ তৈরি না হয়।
নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি সর্বোচ্চ তিনটি মধ্যম গতির (২৫-৪০ কিমি/ঘণ্টা) অথবা পাঁচটি ধীরগতির (২০ কিমি/ঘণ্টা বা কম) থ্রি-হুইলারের মালিক হতে পারবেন। পরিবহন কোম্পানির ক্ষেত্রে এই সংখ্যা সর্বোচ্চ ২৫টিতে সীমাবদ্ধ থাকবে। এ ধরনের যান রাস্তায় চালাতে হলে বিআরটিএ থেকে নিবন্ধন নিতে হবে এবং চালকদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
ইলেকট্রিক যান চার্জিংয়ের জন্য সরকার অনুমোদিত নির্দিষ্ট চার্জিং স্টেশন ব্যবহার করতে হবে, যা ‘বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা, ২০২১’ অনুসারে স্থাপন করা হবে। এর পাশাপাশি, প্রতিটি যানবাহনে ফিটনেস সনদ বাধ্যতামূলক থাকবে। ব্যবহৃত যন্ত্রাংশ যেমন ব্যাটারি, মোটর, হেডলাইট, ব্রেক, স্পিডোমিটার প্রভৃতি বিটিআই অথবা মান নির্ধারক সংস্থার অনুমোদিত হতে হবে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বিআরটিএ ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর তালিকাভুক্ত থাকতে হবে। এসবের ফলে যানবাহনের মান বজায় থাকবে এবং দুর্ঘটনার আশঙ্কা কমবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা নিখিল কুমার দাস বলেন, এই নীতিমালার প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভব করা হচ্ছিল। এখন বাস্তব পরিস্থিতির আলোকে একটি খসড়া তৈরি করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেওয়া হচ্ছে। মতামত গ্রহণ শেষে নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করে তা কার্যকর করা হবে। তবে তাও আগামী দুই মাস সময় লাগতে পারে। তিনি আরো বলেন, চালকদের কেবল যানচালনার আইনি অধিকারই দেওয়া হচ্ছে না, বরং তাদের জন্য প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচিও চালু করতে যাচ্ছে এই সরকার।
এই নীতিমালার মাধ্যমে শুধু যানবাহনের আনুষ্ঠানিকতা নয়, চালকদের জীবনেও এক বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতদিন এই পেশার মানুষদের ‘অবৈধ’ ও ‘নিয়ন্ত্রণহীন’ বলা হতো, যার ফলে তারা ব্যাংক ঋণ, সামাজিক স্বীকৃতি, এমনকি অনেক সময় আইনগত সুরক্ষাও পেতেন না। এখন তাদের হাতে থাকবে বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন কাগজ, যার মাধ্যমে তারা সরকারি নানা সুবিধার আওতায় আসতে পারবেন। তবে এখন যে সকল থ্রী-হুইলার গুলো চলাচল করছে তার অধিকাংশ চলাচলের অনুপেযোগী বলে জানান।
সাতরাস্তা মোড়ের সামনে কথা হয় অটোচালক সিফাতুর রহমানের সাথে। তিনি বলেন, “আগে কেউ আমাদের কথা শুনতো না। পুলিশও আমাদের ভয় দেখাতো। এখন যদি কাগজপত্র থাকে, তাহলে আমাদেরও সম্মান থাকবে।”











































