স্পোর্টস ডেস্ক
দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ ব্যাটার ভিশেন হালামবাগে। প্রথমবারের মতো শ্রীলংকার জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।
গত মে-জুনে অনুষ্ঠিত মেজর ক্লাব টি-টোয়েন্টিতে পানাদুরা স্পোর্টস ক্লাবের হয়ে ব্যাট হাতে দারুণ এক মৌসুম কাটান হালামবাগে। ৯ ইনিংসে ৩৯.৫৫ গড়ে ৩৫৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ঝড়ো ১৭৯.৭৯। প্রতিযোগিতায় আর কেউ পার করতে পারেননি ২৫০ রানের গণ্ডিও। সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও হাঁকিয়েছেন দুটি ফিফটি। যদিও ফাইনালে তার দল হেরে যায় কলম্বো ক্রিকেট ক্লাবের কাছে।
এই পারফরম্যান্সের পরও বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা হয়নি হালামবাগের। তবে চলতি মাসের শুরুতে এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে আয়োজিত ঘরোয়া তিন দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো খেলে এবার জাতীয় দলের টিকিট কেটেছেন তিনি।
এখন পর্যন্ত হালামবাগে খেলেছেন ২০টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ, করেছেন ৫৩৯ রান। রয়েছে পাঁচটি ফিফটি, স্ট্রাইক রেট ১৬৩.৩৩, গড় ২৬.৯৫।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে শ্রীলংকা। দলে ফিরেছেন নুয়ানিদু ফার্নান্দো, কামিল মিশারা, দুশান হেমান্থা, দুশমান্থা চামিরা এবং হালামবাগে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আভিশকা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, জেফ্রি ভ্যান্ডারসে, ইশান মালিঙ্গা এবং ইনজুরির কারণে ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। নির্ধারিত সময়ের মধ্যে সেরে না ওঠায় জিম্বাবুয়ে সফরের দলে রাখা হয়নি তাকে। তার অনুপস্থিতিতে স্পিন বিভাগ সামলাতে ফিরেছেন হেমান্থা। স্পিন আক্রমণে আরও আছেন মাথিশা থিকশানা, দুনিথ ওয়েলালাগে। পাশাপাশি হাত ঘোরাতে পারেন চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসও।
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওপেনিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলে জায়গা হয়নি নিরোশান ডিকওয়েলার। পাঁচ ইনিংসে দুটি ফিফটিতে করেন ১৩৪ রান, স্ট্রাইক রেট ছিল ১৬১.৪৪। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে ওপেনিং পজিশনে এখনও শক্ত অবস্থানে আছেন পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস।
দলে পেসার হিসেবে রাখা হয়েছে মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, চামিরা ও বিনুরা ফার্নান্দোকে। সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা করুণারত্নে।
সিরিজ সূচি:
২৯ আগস্ট – প্রথম ওয়ানডে
৩১ আগস্ট – দ্বিতীয় ওয়ানডে
৩ সেপ্টেম্বর – প্রথম টি-টোয়েন্টি
৬ সেপ্টেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি
৭ সেপ্টেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি
সব ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে।
শ্রীলংকা টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসাল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা কারুনারাত্নে, মাহিশ থিকশানা, দুশান হেমান্থা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো।











































