স্পোর্টস ডেস্ক।।
জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং সম্ভাবনাময় প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো শুরু হলো।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত বর্ণিল এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী বক্তব্যে বিসিবি সভাপতি বলেন, `জেলা ও উপজেলা পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনা এবং খেলাটিকে আরও বিকেন্দ্রীকরণ করার দিকেই এখন আমাদের মূল লক্ষ্য। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা গ্রামীণ পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের সামনে আনার সুযোগ তৈরি করছি।‘
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ—প্রথম ম্যাচ সকাল ৯:৩০টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ১:৩০টায়। আগামী ৮ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল, আর ৯ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের প্রতিযোগিতার।
চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে এক লাখ টাকার নগদ পুরস্কার। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নামে ফরটিস কুমিল্লা এবং এবি ব্যাংক নোয়াখালী।











































