স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘ পাঁচ বছরের হতাশাজনক অধ্যায়ের পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রেইনার জেসুস। নিজ দেশের ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোতে স্থায়ীভাবে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
২০২০ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে নাম লেখান রেইনার। বড় প্রতিশ্রুতি নিয়ে আসলেও, বাস্তবতা হলো—সিনিয়র দলের হয়ে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি তিনি।
রিয়াল তাকে ধার দিয়েছিল একে একে বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), জিরোনা ও গ্রানাডা (স্পেন), এবং সর্বশেষ ফ্রোসিনোনে (ইতালি)। কিন্তু কোথাও স্থায়ী প্রভাব ফেলতে পারেননি, বরং নিজের ক্যারিয়ার খুঁজে ফিরেছেন ধারাবাহিকভাবে।
রেইনারকে বিক্রি করলেও তার ভবিষ্যৎ বিক্রয়মূল্যের ৫০ শতাংশে লাভের অংশীদার থাকবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ পরবর্তীতে যদি মিনেইরো থেকে বড় ক্লাবে যান রেইনার, তাহলে তার ট্রান্সফার ফির অর্ধেকই পাবে রিয়াল।
অবশ্য ক্লাব ক্যারিয়ারে ধারাবাহিকতা না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে কিছু সাফল্য আছে তার। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন রেইনার। ২০২১ সালে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে জিতেছেন জার্মান কাপ (ডিএফবি-পোকাল)।
রিয়ালে নিজের সম্ভাবনার ছায়া হতে হলেও, নিজ দেশে ফিরে নতুনভাবে পথচলা শুরু করবেন রেইনার। এবার হয়তো নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাবেন তিনি, নিজের পরিচয় গড়ার জন্য।











































