Home খেলাধুলা দেগুকে উড়িয়ে এশিয়া সফর শেষ করল বার্সা

দেগুকে উড়িয়ে এশিয়া সফর শেষ করল বার্সা

10


স্পোর্টস ডেস্ক

এশিয়া সফরের শেষটাও জয়ের রঙে রাঙাল বার্সেলোনা। দক্ষিণ কোরিয়ার ক্লাব দেগু এফসির বিপক্ষে পুরো ম্যাচজুড়েই একচেটিয়া দাপট দেখিয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নেয় কাতালানরা।

সোমবার দেগুতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে জোড়া গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। এছাড়া একটি করে গোল করেন রবের্ত লেভান্ডভস্কি, তরুণ ফরোয়ার্ড আন্তোনি ফের্নান্দেস এবং নতুন মুখ মার্কাস র‌্যাশফোর্ড, যিনি ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসেছেন এবং এই ম্যাচেই পেয়েছেন নিজের প্রথম গোলের দেখা।

বার্সেলোনার আধিপত্য ফুটে উঠেছে পরিসংখ্যানে। বল দখলের লড়াইয়ে তারা এগিয়ে ছিল প্রায় ৭০ শতাংশ সময়। গোলের উদ্দেশ্যে নেয় ২৯টি শটের ১৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, স্বাগতিক দেগু নিতে পেরেছে মাত্র দুটি শট, যার কোনোটিই লক্ষ্যে ছিল না।

ম্যাচের ২১তম মিনিটে ইয়ামালের পাস থেকে নিচু শটে স্কোরলাইন খুলে দেন গাভি। বিরতির ঠিক আগে আরও একটি চোখধাঁধানো ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। এর আগে সিউল এফসির বিপক্ষে ৭-৩ গোলের জয়ে গাভি করেছিলেন একটি গোল।

গাভির প্রথম ও দ্বিতীয় গোলে মাঝে, ২৭তম মিনিটে বাঁ দিক থেকে মার্তিনের বাড়ানো বল ছয় গজ বক্সে টোকা দিয়ে জালে পাঠান লেভান্ডভস্কি। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে দানি ওলমোর থ্রু পাস ধরে এক ছোঁয়ায় নিচু শটে গোল করেন ১৭ বছর বয়সী আন্তোনি ফের্নান্দেস।

এরপর ৬৪তম মিনিটে র‌্যাশফোর্ড তার বার্সেলোনা অভিষেকে গোলের দেখা পান। এরিক গার্সিয়ার পাস থেকে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে স্কোরলাইন ৫-০ করেন ইংলিশ ফরোয়ার্ড।

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া সফরে বার্সেলোনা খেলেছে তিনটি ম্যাচ—জাপানের ভিসেল কোবেকে ৩-১, সিউল এফসিকে ৭-৩ এবং সর্বশেষ দেগুকে ৫-০ গোলে হারিয়ে পূর্ণ জয় তুলে নেয় তারা।

এশিয়া সফর শেষে আগামী রবিবার ঐতিহ্যবাহী জোয়ান গাম্পের ট্রফিতে কোমোর মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা। এরপর শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের প্রতিযোগিতামূলক লড়াই।