শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
১৫ দিন আগেও মাঝারি আকারের একটি কাঁঠাল ঝিনাইদহের শৈলকুপা হাটে বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়। এ কারণে বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলেন চাষি। গতকাল শনিবার একই মাপের কাঁঠাল বিক্রি হয়েছে ১০০ টাকায়। দুই সপ্তাহের মন্দা কাটিয়ে কাঁঠালপ্রতি দাম বেড়েছে ৫০-৬০ টাকা। এতে বিক্রেতারা খুশি।
দেশের অন্যতম কাঁঠাল উৎপাদনকারী এলাকা হিসেবে শৈলকুপার পরিচিতি রয়েছে। শৈলকুপায় কাঁঠালের হাট বসে শনি ও মঙ্গলবার। এখানে পাশের কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার অনেক এলাকার বিক্রেতারা কাঁঠাল নিয়ে আসেন। প্রতি হাটে এখান থেকে সাত-আট ট্রাক কাঁঠাল যায় বিভিন্ন জেলায়।
কাঁঠাল ব্যবসায়ী উপজেলার ব্রহ্মপুরের তরিকুল ইসলাম ও সিদ্দি গ্রামের আব্দুল কাদের বলেন, ১৫ দিন আগেও হাটে কাঁঠাল কেনার লোক ছিল না। যে কাঁঠাল তখন ৩০-৪০ টাকায় বিক্রি হতো, এখন তা ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বড় আকারের কাঁঠাল তারা বিক্রি করছেন ১৬০-১৭০ টাকায়। তাদের ব্যবসা এখন ভালো।
সাত-আট বছর ধরে শৈলকুপার এই হাট থেকে কাঁঠাল কিনে নিজ এলাকায় বিক্রি করেন নুর মুহাম্মদ। তাঁর বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। নূর মোহাম্মদ ১৫ দিন আগেও ১০০ কাঁঠাল ১০ হাজার টাকায় কিনেছেন। শনিবার তাঁকে একই ধরনের ১০০ কাঁঠাল কিনতে হয়েছে সাড়ে ১৩ হাজার টাকায়। পটুয়াখালী থেকে আসা অপর ব্যবসায়ী হেলাল গাজী বলেন, কাঁঠালের দাম ঊর্ধ্বমুখী। ১৫ দিন আগে যে আকারের ১০০ কাঁঠাল তিনি ১২ হাজার টাকায় কিনেছেন, এখন তা ১৬ হাজারে কিনতে হচ্ছে।
হাটের ইজারাদার তোফাজ্জেল হোসেন এ বিষয়ে সমকালকে বলেন, শৈলকুপায় শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। প্রতি হাট থেকে পটুয়াখালী, বরিশাল, রাজশাহীসহ বিভিন্ন জেলায় কাঁঠাল নিয়ে যান ব্যবসায়ীরা। কিছুদিন আগেও মন্দা ছিল, এখন কাঁঠালের বাজার চড়া।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফজ্জামান বলেন, উঁচু এলাকা হওয়ায় কাঁঠাল উৎপাদনে দেশের অন্যতম উপজেলা হিসেবে শৈলকুপার পরিচিতি আছে। আমের মৌসুমে কাঁঠালের দাম কম ছিল। এখন চড়া দামে বিক্রি হচ্ছে। এতে চাষিরা উপকৃত হচ্ছেন।











































