নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘোষিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। নিহত শিরিন আক্তার শারমিন কালিয়া উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুটি কণ্যা সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাড়াগাতী থানার ইসলামপুর গ্রামের শিরিন আক্তার শারমিনের স্বামী পান্নু শেখ ঢাকায় চাকুরী করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি। কয়েকদিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। পরে ওই গৃহবধুর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান। বুধবার বিকেলে শিরিন আক্তার শারমিন তার দুই মেয়েকে নিয়ে শশুর বাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘোষিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌছালে অসাবধানতা বসত পরনে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।











































