Home খেলাধুলা গ্রুপ পর্ব থেকে বাদ আতলেতিকো, রেফারির ওপর চটেছেন কোচ

গ্রুপ পর্ব থেকে বাদ আতলেতিকো, রেফারির ওপর চটেছেন কোচ

28


স্পোর্টস ডেস্ক

শেষ সময়ের গোল এনে জয় দিলেও তা যথেষ্ট হয়নি আতলেতিকো মাদ্রিদের জন্য। ক্লাব বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে ছিটকে পড়েছে দিয়েগো সিমেওনের দল। জয়ের পাশাপাশি দরকার ছিল বড় ব্যবধানে গোল, যা আর সম্ভব হয়নি। বিদায়ের পরেও দলের পারফরম্যান্সে গর্বিত সিমেওনে অবশ্য আঙুল তুলেছেন রেফারিংয়ের দিকে। তবে তার সঙ্গে একমত নন গোলদাতা অঁতোয়ান গ্রিজমান।

ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের বতাফোগোকে ১-০ গোলে হারায় আতলেতিকো। ম্যাচজুড়ে আধিপত্য থাকলেও কাঙ্ক্ষিত গোল আসে শেষ দিকে, ৮৭তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড গ্রিজমানের পা থেকে।

তিন ম্যাচে দুই জয় পেলেও প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বড় হার গ্রুপ থেকে বাদ পড়ার প্রধান কারণ। যদিও দ্বিতীয় ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়ে আশা জাগিয়েছিল দলটি। কিন্তু বতাফোগোর বিপক্ষে পিএসজির অপ্রত্যাশিত হার হিসাব-নিকাশ এলোমেলো করে দেয়। তিন দলের পয়েন্ট সমান ৬ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে পিএসজি, দ্বিতীয় বতাফোগো। আতলেতিকো তৃতীয় স্থানে।

ম্যাচ শেষে হতাশ সিমেওনে বলেন, ‘ছেলেরা নিজেদের উজাড় করে দিয়েছে। ছয় পয়েন্ট সংগ্রহ করেও বাদ পড়া দুঃখজনক। বিশেষ করে পিএসজির বিপক্ষে ম্যাচে প্রতিটি রেফারিং সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আজও একটি স্পষ্ট পেনাল্টি পাওয়া উচিত ছিল, যা ভিএআর-এ বাতিল হয়েছে।’

আর্জেন্টাইন কোচ আরও যোগ করেন, ‘আমরা জানি উন্নতির জায়গা আছে। সামনে এগোতে এ অভিজ্ঞতা কাজে দেবে।’

তবে গ্রিজমান তার কোচের মতো রেফারিদের দিকে দোষ চাপাতে রাজি নন। ম্যাচ শেষে স্পষ্ট বলেন, ‘রেফারিং নয়, আমাদের নিজেদের পারফরম্যান্স নিয়েই ভাবা উচিত। কখনো কখনো আমরা আমাদের সেরা খেলাটা দিতে পারি না। এখানেই আমাদের উন্নতি দরকার।’

তবে সিমেওনের জন্য সামনে সময়টা সহজ যাচ্ছে না। ইউরোপের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচের ১৪তম মৌসুমে ক্লাবের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। লা লিগায় তারা শেষ করেছে তৃতীয় হয়ে, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় শেষ ষোলোতে, কোপা দেল রে শেষ হয়েছে সেমি-ফাইনালে। সাফল্যের ধারায় ভাটার টান অনুভব করছে আতলেতিকো শিবির, উঠছে প্রশ্ন— সিমেওনে কি তবে হারিয়েছেন তার জাদু?