বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারিতে রাজনীতির রঙ বদলে নতুন পরিচয়ে সামনে এসেছেন এক সময়ের ছাত্রলীগ নেতা মো. শহিদুল ইসলাম খান। ২০১৭ সালে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শহিদুল বর্তমানে বিএনপিপন্থী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী সংগঠনে সক্রিয় থাকা শহিদুলের হঠাৎ এই রাজনৈতিক মেরু পরিবর্তন স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। চিতলমারী এলাকার একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করেন, শহিদুল খান স্থানীয় আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খানের ভাইপো পরিচয়ে একসময় বিভিন্ন সময় হুমকি, চাঁদাবাজি এবং একটি ক্লাবের মাধ্যমে ত্রাস সৃষ্টি করতেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, কুরমুনি গ্রামে ‘ওয়ানস্টার ক্লাব’ বানিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শহিদুল। কেউ প্রতিবাদ করতে গেলেই বলত— আমি আওয়ামী লীগ সভাপতির ভাইপো। তার দোকান ছিল শহীদ মিনার মোড়ে, যেখানে ছাত্রলীগের আড্ডা চলত বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠনে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ভাষ্য, যে ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন, তিনি কীভাবে এখন বিএনপির নেতৃত্বে আসেন?
শহিদুল ইসলাম খান অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের যে কমিটির কথা বলা হচ্ছে, সেটি ভুয়া ও এডিট করা ছবি। আমি কখনো কোনো ছাত্রলীগ কমিটিতে ছিলাম না।

এ বিষয়ে চিতলমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলী শেখ বলেন, প্রথমে আমরা বিষয়টি জানতাম না। পরে জানতে পেরে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মমিনুল হক টুলু বলেন, আমি তাকে (শহিদুল) ভালোভাবে চিনি না। কে বা কারা তাকে অঙ্গ সংগঠনে নিয়েছে, তা বলতে পারব না।










































