নিজস্ব প্রতিনিধি।।
চুয়াডাঙ্গাা সদরে ভুট্টাক্ষেত থেকে আলমগীর হোসেন নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টোক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের মরদেহের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মণ্ডলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, রোববার দুপুরে আলমগীর খড়ি নেয়ার জন্য কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না।
মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’











































