Home খেলাধুলা গাভাস্কারের মন্তব্যে চটেছেন মিঁয়াদাদসহ পাকিস্তানি সাবেকরা

গাভাস্কারের মন্তব্যে চটেছেন মিঁয়াদাদসহ পাকিস্তানি সাবেকরা

16


স্পোর্টস ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে বৈরিতা আরও বেড়েছে ভারতের। সেই ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। ভারত পাকিস্তানের উপর দায় চাপিয়েছে।

এই ঘটনার প্রভাব দুই দেশে কূটনীতি থেকে শুরু করে সাধারণের মধ্যেও পড়েছে। বাদ যায়নি দুই দেশেরই জনপ্রিয় খেলা ক্রিকেটে। এবার ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। যেখানে হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের খেলা নিয়ে মন্তব্য করেছিলেন সুনীল গাভাস্কার। আর তাকে পাকিস্তানের ক্রিকেটারেরা পাল্টা আক্রমণ করেছেন।

ভারত ও শ্রীলংকার আয়োজনে চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই পরিস্থিতিতে সেই প্রতিযোগিতায় পাকিস্তানকে তিনি দেখছেন না বলে জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি গাভাস্কার। কিন্তু তার এই কথা মানতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ।

পেহেলগামে জঙ্গি হামলার পর এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘বিসিসিআই সব সময় ভারত সরকারের কথামতো অবস্থান নেয়। আমার মনে হয় না এশিয়া কাপের ক্ষেত্রে আলাদা কিছু হবে। ভারত এবং শ্রীলংকা যৌথভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই সবটাই নির্ভর করবে, পরিস্থিতি কেমন থাকবে তার উপর। এখনকার পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, তা হলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’

এই মন্তব্যের পর মিঁয়াদাদ বলেন, ‘আমি ভাবতেই পারছি না সানিভাই এই কথা বলেছেন। তাকে সকলে সম্মান করে। উনি মাটিতে পা দিয়ে চলেন। রাজনীতির ঊর্ধ্বে থাকেন। তার এই মন্তব্য করা উচিত হয়নি। এতে তারই সম্মানহানি হয়েছে।’

পাকিস্তানের সাবেক স্পিনার ইকবাল কাসিমের মতে, পাকিস্তানেও গাভাস্কারের অনেক ভক্ত রয়েছেন। তারা এই মন্তব্যে দুঃখ পেয়েছেন। তিনি বলেন, ‘সীমান্তের দু’পারে গাভাস্কারের ভক্ত রয়েছে। তাদের অনেকেই দুঃখ পেয়েছে। রাজনীতিকে কখনওই খেলার সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত নয়। সানিভাইয়ের উচিত হয়নি এই ধরনের মন্তব্য করা।’

এদিকে গলার সুর অনেকটা চড়িয়েছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি বলেন, ‘গাভাস্কার নির্বোধের মতো কথা বলেছেন। আগে তদন্ত হোক। তা হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এ ভাবে আগে থেকে কিছু বলা উচিত নয়। ক্রিকেটে রাজনীতি ঢোকানো উচিত নয়।’