সৈয়দ রানা কবীর।।
জুলাই অভ্যুত্থানের পর জেলা প্রশাসনের মাধ্যমে মিলের মালিকানা ফেরত পেলেও দামি যন্ত্রাংশ ও সম্পদ চুরি হওয়ায় এজাক্স জুট মিল সহসা চালু করতে পারছেন না মিল কর্তৃপক্ষ। মিল মালিকের অভিযোগ, প্রায় ১২ বছর ধরে পাটকলটি থেকে বিভিন্নভাবে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লিংকনসহ তাদের সহযোগীরা কয়েক কোটি টাকার যন্ত্রাংশ নিয়ে গেছে। ফলে মিলটি চালু করতে প্রচুর অর্থের প্রয়োজন। তাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দ্রুত মিল চালু ও শ্রমিকদের কর্মসংস্থান করা সম্ভব হবে।
মালিক সূত্রে জানাগেছে, ২০১৪ সালে মিলটি বন্ধ করে দেয়ায় প্রায় ৬ হাজার শ্রমিক বেকার হয়ে যায়। শ্রমিকদের পাওনাও পরিশোধ করতেও তখন ব্যর্থ হন মালিক। এ অবস্থায় ২০১৫ সালে আব্দুল মান্নান নামে একজনের কাছে বিভিন্ন শর্তে মিলটি লিজ দেন কাউসার জামান বাবলা। তবে আব্দুল মান্নান ও মিলটি চালাতে ব্যর্থ হন।
স্থানীয় শ্রমিক নেতাদের অভিযোগ, ২০১৫ সালের পর থেকে মিলটি দখল করে নেয় তৎকালীন সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লিংকন ও তাদের সহযোগীরা।
মিলের মালিক কাউসার জামান বাবলা জানান, বেসরকারি পাট ও পাটজাট পন্য উৎপাদনে এক সময়ে দেশের বেশ নাম ডাক ছিল। খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙা এলাকায় এজাক্স জুট মিলের দুটি আলাদা আলাদা শিফটে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কাজ করতেন। ফলে লোক সমাগমে সরগরম থাকতো এই অ্যাজাক্স জুট মিল চত্বর। গত প্রায় ১০ বছর ধরে এভাবেই মিলটি পড়ে আছে অযত্নে অবহেলায়। মিলের কোটি কোটি টাকার যন্ত্রাংশ ও গুরুত্বপূর্ণ মালামাল খুলে বিক্রি করেছেন পতিত সরকারের দোসর ও পলাতক সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, তার ভাই মো: শাহাবুদ্দিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লিংকনসহ তাদের সহযোগীরা।
মিলের প্রকৃত মালিক কাউসার জামান বাবলা জানান,ভিন্ন মতাদর্শের জাতীয়তাবাদী দল ( বিএনপির) রাজনৈতিক দলের নেতা হওয়ায় গত ২০১২ সালের পর থেকে এই মিল যাতে চালাতে না পারি সেজন্য বিভিন্নভাবে আমার ওপর চাপ প্রয়োগ করতে থাকেন বেগম সুফিয়ান ও তার লোকজন। বেগম মুনুজান সুফিয়ানের প্রভাবে মিল থেকে তার সব ধরনের আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়া হয়।যার ফলে ২০১৪ সালে মিলটি ছেড়ে যেতে বাধ্য করে বেগম মুনুজান সুফিয়ান।
নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন শ্রমিক জানান, মিলের মধ্যে অবৈধভাবে সারের ব্যবসা করেন তারা স্হানীয় চেয়ারম্যান লিংকন। মিলের দামি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি ও লুট করে নিয়ে বাইরে বিক্রি করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোবহান নামে এক শ্রমিক জানান, ‘২০১৬ সালের পর থেকে বিভিন্ন সময় মিলের গুরুত্বপূর্ণ মালামাল চুরি ও লুটপাট হয়েছে। মন্নুজান সুফিয়ানের ছেলে হিসেবে সবাই চিনতো স্থানীয় চেয়ারম্যান লিংকনকে। সেই সঙ্গে প্রতিমন্ত্রীর ভাই মো: শাহাবুদ্দিনও এসব চুরির সঙ্গে জড়িত। কিছুদিন পর পর মিলের মধ্যে বড় বড় ট্রাক নিয়ে প্রবেশ করতো, মিলের ভিতরে থাকা বিভিন্ন মোটর, অন্যান্য ইলেকট্রিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এখন তো মিলটি এক প্রকার ধ্বংস হয়ে গেছে।
এদিকে ৫ আগস্টের পর মিলটি পুনরুদ্ধার করেছেন কাউসার জামান বাবলা। তার বিরুদ্ধে জেলা প্রশাসনের মিলে প্রবেশের নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়েছে। সম্প্রতি তিনি মিলে প্রবেশ করেছেন। এতে করে আবারও মিলটি চালুর ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন সাধারণ শ্রমিক ও স্থানীয়রা।
মিলের শ্রমিক নিয়াজ আহমেদ বলেন, ‘গত ১০ বছর যাবত তারা অসহায় হয়ে রয়েছে। তেমন কোনো কাজ শ্রমিকরা শেখেনি। জুট মিলে কাজ করেছি প্রায় ৩০/৩৫ বছর। এটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা অন্য কাজও করতে পারছিলাম না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে সাধারন শ্রমিকরা। মালিক মিল বুঝে পাওয়ায় এখন শ্রমিকরা আশা করেন মিলটি তিনি চালু করবেন। আমরা আবারও এই মিলে উৎপাদন শুরু করবো।’
মিলটির মালিক কাউসার জামান বাবলা বলেন, মিলটি পুনরায় চালু করতে চাই। কিন্তু গত ৭/৮ বছরে আমার মিলের শত কোটি টাকার যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এটি একদিনেই চালু করা সম্ভব না। এ জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাকে সহায়তা করলে মিলটি আমি চালু করতে চাই। শ্রমিকরা আবারও কাজে ফিরবে, আবারও উৎপাদন করবে এটা আমি প্রত্যাশা করি।
এছাড়া মিলটির যন্ত্রাংশ যারা চুরি ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধে তিনি শত কোটি টাকা লুটপাটের মামলা করেছেন। বাবলা আরও বলেন, ‘যারা আমার চালু মিলটির এত ক্ষতি করলো, সেই মন্নুজান সুফিয়ান, তার ভাই শাহাব উদ্দিন, চেয়ারম্যান লিংকনসহ অন্য সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছি। আশা করছি আইনি প্রক্রিয়ায় আমি ক্ষতি পূরণ পাবো। যারা এসব চুরি ও অন্যায় করেছে তাদের বিচার হবে।











































