Home আঞ্চলিক দাবি পূরণে ৭ কর্মদিবস সময় দিলেন শিক্ষকরা, ক্ষমা চেয়ে ‘খোলা চিঠি’ শিক্ষার্থীদের

দাবি পূরণে ৭ কর্মদিবস সময় দিলেন শিক্ষকরা, ক্ষমা চেয়ে ‘খোলা চিঠি’ শিক্ষার্থীদের

43


স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের বিচারের জন্য ৭ কর্মদিবসের সময় দিয়েছে শিক্ষক সমিতি। এ দাবিতে তারা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। শিক্ষকরা অবিলম্বে বিভিন্ন মাধ্যমে শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, সুনামক্ষুন্ন কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অপরদিকে সাম্প্রতিক ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করে উপাচার্যের মাধ্যমে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে ‘খোলা চিঠি’ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলীর মতবিনিময়কালে শিক্ষার্থীরা ও দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে শিক্ষকরা এ পৃথক ঘোষণা দেন। বিকালে ফের শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ বৈঠক বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষকের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আচরণ ও মন্তব্যের বিষয়গুলো তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ওই ঘটনায় লিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে লিখিত ক্ষমা প্রার্থণার সিদ্ধান্ত নেয়। বিকালে এ ক্ষমা প্রার্থণা করে একটি ‘খোলা চিঠি’ উপাচার্যের কাছে দেওয়া হয়।

চিঠিতে সাধারণ শিক্ষার্থীরা লিখেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা পূর্বেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছিলাম। আজ আমরা আবারো আপনাদের সামনে নতমস্তকে দাঁড়িয়ে, হৃদয়ের অন্তস্থল থেকে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি। যদি আমাদের কোনো আচরণ, কোনো বক্তব্য বা পরিস্থিতি আপনাদের মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকে তবে আমরা তার জন্য লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত।’
অপরদিকে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে জরুরী সাধারণ সভার আয়োজন করে কুয়েট শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষক নেতারা ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, ইউজিসি সদস্যদের আগমন ও তাদের কর্মকাণ্ড পক্ষপাতদুষ্ট বলে নিন্দা জানান। একই সঙ্গে তারা আগামী কার্যদিবসের মধ্যে ৫টি দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

দাবির মধ্যে রয়েছে, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সহিংস ঘটনায় জড়িত ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তি নিশ্চিত, এ পর্যন্ত কুয়েটের শিক্ষকদের নিয়ে সকল প্রকার সাইবার বোলিং, অবমাননা ও নির্যাতনের ঘটনা তদন্ত-পূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে দাবিকৃত ৫ দফা, যার সঙ্গে শিক্ষকরা শুরু থেকেই একমত ছিল এবং যে দাবি পুরো না হওয়ার অভিযোগে উপাচার্য ও উপউপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে- সেগুলো অতি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েট বিরোধী অপপ্রচারে লিপ্ত সকল পেজ, সামাজিক মাধ্যম ও ব্যক্তিকে সনাক্ত করে অবিলম্বে সেগুলো বন্ধসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রভৃতি।

পরে এক প্রেসব্রিফিং শিক্ষক নেতারা বিষয়টি সাংবাদিকদের জানান। এ সময় তারা আরো বলেন, শিক্ষকরা ৭ কর্মদিবস সময় দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন সম্ভব। শিক্ষাদানের পরিবেশ না হওয়া পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখবে। সোমবার ছিল কর্মবিরতির দ্বিতীয় দিন। তারা সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া মো: মোহন আলীসহ শিক্ষার্থীরা জানান, আজ মঙ্গলবার তাঁরা স্বশরীরে শিক্ষকদের কাছে যাবেন। সেখানে তারা শিক্ষকদের কাছে ক্ষমা চাইবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাবে। তদন্ত কমিটির যে কোন সিদ্ধান্ত তারা মেনে নেবেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা ৬ দফা কর্মসূচি ঘোষণা করে। পরে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের অপসনের এক দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করে। পরবর্তীতে উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সর্বশেষ সংকট নিরসনে দুই দিন আগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।