ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামের খন্দকার মিজানুর রহমান এখন এলাকার একজন সফল ও অনুপ্রেরণাদায়ী কৃষকের নাম। একসময় তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। শহরের চাকরিজীবন ছেড়ে ফিরে আসেন নিজের গ্রামে। এলাকায় ফিরে শুরু করেন কৃষিকাজ।
প্রথমে ছোট পরিসরে শুরু হলেও আজ তিনি সফল ড্রাগনচাষি। তিনি শুধু মৌসুমে নয়, অফ-সিজনেও ড্রাগন ফল চাষ করে লক্ষাধিক টাকা আয় করছেন। এর পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তি ‘চায়না লাইটিং’ পদ্ধতি।
মিজানুর রহমান জানান, গত বছর ড্রাগনের বাজারমূল্য ভালো না থাকায় অনেক কৃষকই ক্ষতির মুখে পড়েছিলেন।
সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি এবার দুই বিঘা জমিতে চায়না লাইটিং পদ্ধতিতে চাষ শুরু করেন। এতে তার মোট খরচ হয় প্রায় চার লাখ টাকা। কিন্তু শুধু শীত মৌসুমেই তিনি এই খরচ তুলে নিয়ে অতিরিক্ত কয়েক লাখ টাকা লাভ করেছেন। বর্তমানে তার বাগানভরা পাকা ড্রাগন ফল।
এগুলো গোলাপি রং ধারণ করেছে এবং চাহিদা অনুযায়ী স্থানীয় কোটচাঁদপুর বাজারে বিক্রি করছেন ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। গত শনিবার (২ মে) তিনি এক দিনেই ৬০০ কেজি ড্রাগন দুই লাখ টাকায় বিক্রি করেন। অনেক সময় পাইকার ব্যবসায়ীরা সরাসরি ক্ষেতে এসেও ফল কিনে নিয়ে যান। এ ছাড়া তার বাগানে এখনো চার লাখ টাকার ড্রাগন ফল রয়েছে। খুব শিগগিরই সেগুলো তিনি বিক্রি করতে পারবেন।
তার দাবি, সঠিক পদ্ধতি ও নিয়মিত পরিচর্যা করলে লাইটিং পদ্ধতিতে অফ-সিজনেও ড্রাগন চাষে লাভবান হওয়া সম্ভব। ব্যাংকের চাকরি ছেড়ে কৃষিকাজে এসে খন্দকার মিজানুর রহমান যেমন নিজে সফল হয়েছেন, তেমনি আশপাশের কৃষকদের জন্যও হয়ে উঠেছেন একটি অনুপ্রেরণার নাম। তার মতো সাহসী সিদ্ধান্ত এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশের কৃষিতে সম্ভাবনার দ্বার আরো উন্মোচিত হবে।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান রনি বলেন, ‘মিজানুর রহমান আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে যেভাবে অফ-সিজনে ড্রাগন ফল উৎপাদন করছেন, তা অন্য কৃষকদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। আমরা কৃষি অফিস থেকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি।’











































