Home আঞ্চলিক কৃষকের প্রণোদনার সার মিললো গোডাউনে

কৃষকের প্রণোদনার সার মিললো গোডাউনে

17

খুলনাঞ্চল রিপোর্ট।।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়লগাছি বাজারে অভিযান চালিয়ে কৃষকের প্রণোদনার সার অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে মোশারফ নামের একজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও দর্শনা থানা পুলিশের একটি যৌথ দল কুড়লগাছি গ্রামের নজরুলের ছেলে মোশারফের গোডাউনে অভিযান চালায়।


এসময় তার গোডাউন থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার ৭ বস্তা ডিএপি সার ও ৭ বস্তা পটাশ সার উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)।

মোবাইল কোর্টে অভিযুক্ত মোশারফ নিজের দোষ স্বীকার করেন। এরপর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে মুক্তি পান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান জানান, মোশারফ কৃষকের প্রণোদনার সার অবৈধভাবে মজুদ করেছেন এবং তিনি নিজেই মোবাইল কোর্টে তা স্বীকার করেছেন। তাই আইন অনুযায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, মজুদকৃত সার প্রকৃত কৃষকদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। মোশারফকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত সার ৩৫ জন প্রকৃত কৃষকের মাঝে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত থাকবেন।