স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ২২ অক্টোবর ফুলতলা শিকিরহাট থেকে ট্রলারযোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক জনপ্রতিনিধিরাও এ মামলার আসামি বলে জানা গেছে।











































