স্টাফ রিপোর্টার।।
খুলনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কিশোর পলাশের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে রোববার রাত ৯টার দিকে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে চলমান ঈদ মেলায় পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা।
হামলার সময় তার পেট কেটে নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র বাড়িতে অভিযান, বাবা-ভাইসহ আটক ৪
নিহত পলাশ (১৭) খুলনা সদর থানার মতলেবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খানের ছেলে। পুলিশ জানিয়েছে, সে ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘শনিবার রাতে জাতিসংঘ শিশুপার্কে পলাশের সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জেরে রোববার রাত ৯টার দিকে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। জড়িতদের গ্রেফতারে রাত থেকেই অভিযান চলছে।’











































