Home আঞ্চলিক মোবাইল কেনার আশায় দাদিকে পিটিয়ে হত্যা

মোবাইল কেনার আশায় দাদিকে পিটিয়ে হত্যা

7

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে মোবাইল কেনার আশায় বৃদ্ধা দাদিকে পিটিয়ে হত্যা করেছে পোতা ছেলে। এই ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের ছেলে সাহিদুল ইসলাম। পুলিশ কিশোর সজিব হোসেনকে গ্রেফতার করেছে। সজিব আদালতে হত্যার দায় স্বীকার করেছে।

ভাল মোবাইল কেনার আশায় বৃদ্ধাকে পিটিয়ে অজ্ঞান করে সোনার চেইন ও কানেরদুল ছিনতাই করার উদ্দেশ্য ছিল ছেলেটির,এমনটি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সে।

নিহত সকিনা বেগম উপজেলার নোয়ালী গ্রামের মোহাম্মদ হোসেন শেখের স্ত্রী। আর আসামি সজিব ওই গ্রামের মফিজুল শেখের ছেলে। সম্পর্কে ছেলেটি বৃদ্ধার ভাসুরপোর ছেলে।

মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বৃদ্ধার মেয়ে রেশমা খাতুনকে ঝিকরগাছার দিকদানা গ্রামে বিয়ে দেওয়া। রেশমার অসুস্থতার খবর দিয়ে গত ৩ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বৃদ্ধাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয় সজিব। পথিমধ্যে ফাঁকা মাঠে মাথায় উপর্যুপরি লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে আহত করে চেইন ও কানেরদুল ছিনিয়ে নিয়ে যায় সে। পরে খবর পেয়ে স্বজনরা বৃদ্ধাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।

মামলার বাদি সাহিদুল ইসলাম জানান, কিছুটা সুস্থ হলে মাকে ঢাকা থেকে বাড়িতে আনা হয়। বাড়িতে অবস্থার অবনতি হলে গত বুধবার মাকে যশোরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে মা মারা যান।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, পুলিশ শুক্রবার রাতেই কিশোর সজিবকে গ্রেফতার করেছে। শনিবার নিহতের ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে বিচারক তাকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।