চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এখন পর্যন্ত এটি চলতি মৌসুমের সর্বোচ্চ। শুক্রবার বিকাল ৩টায় জেলার সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, এ সময় বাতাসের আর্দ্রতা ১৮ শতাংশ থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে দুপুরের পর থেকে তাপমাত্রার পারদ বেড়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
গরমের কারণে শহরের রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা। মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। কিন্তু দিনমজুর, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা রোদ-গরম উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন।
চুয়াডাঙ্গার বাজারের সবজি বিক্রেতা সজিব হাসান বলেন, বাজারে ক্রেতা কম আসছে। প্রচণ্ড গরমে মানুষ বের হচ্ছে না। আমরাতো ঘরে বসে থাকতে পারি না। বিক্রি না করলে সংসার চলবে কীভাবে?











































