স্পোর্টস ডেস্ক।।
ইউরোপ সেরার লড়াই ইউরোপিয়ান কাপ থেকে পরবর্তীতে চ্যাম্পিয়নস লিগ, সবখানেই দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। অসংখ্য রেকর্ডের ভিড়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিটিও আগে থেকেই স্প্যানিশ জায়ান্টদের। এবার তারা ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে ৫০০তম ম্যাচের মাইলফলকে পা দিতে যাচ্ছে।
রিয়াল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আতলেতিকো মাদ্রিদকে। দুই লেগের প্রথম লেগে আজ মঙ্গলবার নগরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি এবং মাঠে নামলেই ইতিহাসের প্রথম দল হিসেবে অসাধারণ ওই মাইলফলক ছুঁয়ে ফেলবে গ্যালাকটিকোরা।
ঝলমলে এই পথচলায় রিয়াল মাদ্রিদের ধারেকাছে নেই কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখ, ৪০৪টি। ৩৫৭ ম্যাচ খেলে তৃতীয় স্থানে বার্সেলোনা।
এর আগে ১৯৫৫ সালে ইউরোপিয়ান কাপ নামে প্রতিযোগিতাটির যাত্রা শুরু। সেই থেকে এই প্রতিযোগিতায় রিয়ালের চেয়ে বেশি জয়ও কোনো দল পায়নি, নকআউট পর্বেও আর কেউ বেশি ওঠেনি। সবচেয়ে বেশি আসরেও খেলেছে (৪৪) তারা।
মহাদেশ সেরার প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত ৪৯৯ ম্যাচ খেলে ৩০১টিতে জিতেছে রিয়াল, ৮৫টি ড্র করেছে এবং ১১৩টিতে হেরেছে। সর্বোচ্চ গোলও করেছে রিয়াল মাদ্রিদ, এক হাজার ১০১টি।
এদিকে প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশিবার ফাইনালও খেলেছে রিয়াল মাদ্রিদ, ১৮ বার। জিতেছেও সবচেয়ে বেশি, ১৫ বার।
টুর্নামেন্টের প্রথম পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তাদের সেই দাপুটে পথচলা গত এক দশকেও প্রতিফলিত হয়েছে; গত ১০ বছরে ছয়বার এই ট্রফি উঁচিয়ে ধরেছে দলটি। সবশেষ গত জুনে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপাটি জেতে দলটি।











































