খুলনায় এক লেবুর দাম ১৫ টাকা
স্টাফ রিপোর্টার
খুলনার বাজারে বেগুন, শসা ও লেবু চড়া দামে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে পাঁচগুণ। খুচরা বাজারে একটি লেবু বিক্রি হচ্ছে ১৫ টাকায়। রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে।
রোববার খুলনা নগরীর মিস্ত্রিপাড়া, জোড়াকল বাজার, নতুন বাজার, গল্লামারি বাজার ও পাইকারি বাজার ঘুরে এমনটা জানা গেছে।
পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে ১০০ লেবু ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি বেগুন ৬০-৭০ টাকায় এবং শসা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খুচরা পর্যায়ে লেবুর ধরণ ও আকারভেদে ৫০-৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। বেগুন আকারভেদে ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে।
নতুন বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, গত এক সপ্তাহ হলো পাইকারি বাজারে লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে এক হালি লেবু ১৫ টাকায় বিক্রি করেছি। এখন এক হালি লেবু ৫০-৬০ টাকায় বিক্রি করছি।’
গল্লামারি বাজারের বিক্রেতা সবুজ শিকদার বলেন, বেশি দামে লেবু ক্রেতারা নিতে চান না। তাই লেবু কম এনেছি। সবকিছুর দাম কিছুটা বেড়েছে। আমরা পাইকারি বাজার থেকে ক্রয় করে সামান্য লাভে বিক্রি করি।
মিস্ত্রিপাড়া বাজারে আসা ক্রেতা শফিকুল আলম বলেন, ‘রোজার মাসে বেগুন, শসা ও লেবুর চাহিদা বেশি থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষরা শুধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হই।’
নিরালা এলাকার বাসিন্দা আবু বক্কর বলেন, ‘রোজায় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার লেবুর শরবত দিয়ে ইফতার করে। কিন্তু এবার লেবুর দাম বেশির কারণে ইফতার থেকে লেবুর শরবত বাদ দিতে হবে। এক হালি লেবুর দাম ডিমের দামের থেকেও বেশি। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সুনজর দেওয়া দরকার।’
এদিকে পাইকারি ব্যবসায়ীরা জানান, বেগুন, শসা ও লেবু চাহিদার তুলনায় সরবরাহ কম। এজন্য দাম বেড়েছ। শীতকালীন সবজি শেষ হচ্ছে। বেগুন, শসার ও লেবুর সরবরাহ বাড়লে দাম কমবে।
কেসিসি’র প্রশাসকের নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার মঙ্গলবার সকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন করেন।
কেসিসি প্রশাসক বাজারে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে ব্যবসায়ীদের নিকট খোজ-খবর নেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পবিত্র রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
কেসিসি’র বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা সহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
কয়রায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঠবাড়ি গ্রামের মৃত সামছুর বিশ্বাসের ছেলে আবু সাইদ বিশ্বাসকে প্রধান আসামী করে ৬ জনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে।
মঙ্গলবার কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। যার নং সিআর ১২৩/২৫। তাং ৪/৩/২০২৫ ইং। মামলার অন্যন্যা আসামীরা হলেন মঠবাড়ি গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান, আবু সাইদ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান রানা, মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে জিয়াদ আলী, মৃত ইসমাইল মোল্যার ছেলে ইয়াছিন ও খুলনার বয়রা গ্রামের সেলিম চৌধুরীর ছেলে ফরহাদ হোসেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি মঠবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র মন্ডল, নিরাপদ মন্ডল,মোঃ শাহাবাজ আলী ও আছাদুল ইসলামসহ ১৬ জন জমির মালিকদের নিকট থেকে ৫ বছর মেয়াদে ৩/৪ হাজার টাকা হারিতে নিয়ে সেখানে বাগদা ও অন্যান্য মাছ চাষ করে আসছে। কিন্তু ১ নং আসামীর নেতৃত্বে অন্যান্য আসামীরা বাদির নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে এই এলাকায় মৎস্য ঘের করতে হলে বাৎসরিক চাঁদা দিতে হবে। বাদী চাঁদা দিতে অস্বীকার করলে আসামীরা বাদীর মৎস্য ঘেরে প্রবেশ করে টানাজাল ও খেওলা জাল দিয়ে মাছ ধরতে থাকলে বাদী ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাছ ধরতে নিষেধ করে। এসময় আসামীরা উত্তেজিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে চতুর্রদিক থেকে ঘিরে ধরে এবং ও ঘেরের মাছ লুট করে নেয়। তখন সকল আসামীরা ঘেরের রাস্তা-ঘাট কেটে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘেরের বাগদা,হরিনা,পারশে,ভেটকি তেলাপিয়া মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ২ লাখ ৩০ হাজার টাকা। তাদের কর্মকান্ডে বাধা প্রদান করলে আসামীদের হাতে থাকা দা,কুড়াল,হাতুড়ি,করাত,লাঠি দেশীয় অস্ত্র ইত্যাদি মারাত্বক অস্ত্রে সজ্জিত হয়ে মৎস্য ঘেরের বাসা ভাঙ্গচুর সহ ঘেরের আটন পাটা এবং বাসার ভিতরে থাকা আসবাবপত্র ভেঙ্গে পার্শবর্তী নদীতে ফেলে ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে।আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার অফিসার ইনচার্জকে তদন্তপৃর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
রূপসায় বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২
রূপসা প্রতিনিধি
রূপসা থানার আলাইপুর এলাকায় কোস্টগার্ড, নৌ বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করেছে।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ২টায় তাদের বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের একিন শিকদারের ছেলে সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। এর মধ্যে ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো. প্রান্তিক উজ জামান বলেন, সোমবার দিবাগত রাত ২টায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিজিবি পূর্বাশা পরিবহনের দু যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানায়,
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের ১৮টি স্বর্ণেরবারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে বিজিবির আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১ টায় গাড়ীটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌছালে গাড়িটির গতিরোধ করে স্বর্ণ চোরাকারবারী সন্দেহভাজন ২ জন চুয়াডাঙ্গা দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)কে আটক করে তাদের দেহ তল্লাশি করে। আটকদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবার, ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য-২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
তিনি জানান, উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে ও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিনের আশু রোগমুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বাজার কালীবাড়ি মন্দিরে নগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন-এর আশু রোগমুক্তি কামনা করে মঙ্গলবার বেলা এগারটায় ধর্মীয় সংবাদ পরিবেশক তপা হালদারের পরিচালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অত্র মন্দিরের সেবায়েত পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জি, শ্যামল হালদার, গোপি কিষণ মুন্ধড়া, ভোলানাথ ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, সাংবাদিক অমিয় পাল, স্বপন সরকার, তপন সাহা, শরৎ মুন্ধড়া, পলাশ সাহা, বিকাশ সাহা, ভবেশ সাহা, সাংবাদিক দিলীপ বর্মন, গোপাল কুন্ডু, প্রদীপ সাহা, তরুণ রায় শিবু, সুরেশ চক্রবর্তী, লিটন চক্রবর্তী, মোঃ মনিরুজ্জামান পাপ্পু, রূপম দে, রাজু শীল, মুক্তি রাণী ব্যানার্জি, কবিতা মৃধা, কিংকর সাহা, শঙ্কর ঘোষ, বিপ্লব ভৌমিক, মিঠুন সাহা, বাবলু বিশ্বাস, বাপি সাহা, শিবু রায়, সমীর সাহানী, মনি সাহানী প্রমূখ। প্রার্থনা সভার সার্বিক ব্যবস্থাপনা করে প্রশান্ত ব্যানার্জি।
পোল্ট্রি-ডেয়ারী খামারী ও সবজি চাষীদের লোকসান লাঘবে হস্তক্ষেপ কামনা
খবর বিজ্ঞপ্তি
মুরগীর ডিম, মাংস ও দুধ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে রপ্তানি করতে পারে। কিন্তু চাহিদার অতিরিক্ত উৎপাদন ও রপ্তানির সুব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে দেশের লাখ লাখ খামারী। সরকারের আহ্বানে বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ডিম, মাংস, দুধ উৎপাদন করে বাজারমূল্য না থাকায় ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হয়ে দেনার দায়ে পালিয়ে বেড়াতে হচ্ছে খামারীদের। একই অবস্থা বর্তমান চাষীদের। উৎপাদিত পণ্য আলু, পেয়াজ, রসুন, বেগুন, টমেটো, লঙ্কাসহ শাক-সব্জির মারাত্মক মূল্য ধসে তারা বিধ্বস্ত। পবিত্র মাহে রমযান শেষে খুশির ঈদ তাদের হতাশা-বেদনায় পরিণত হবে। অত্যন্ত পরিতাপের বিষয় কোনো মিডিয়ারই কোনো ভূমিকাও পরিদৃশ্যমান নয়। তাদের দুঃখ-বেদনা, হাহাকার-হতাশা লাঘবে এগিয়ে আসছে না/আসেনি কোনো সরকারি-বেসরকারি কর্মকর্তারা। এমতাবস্থায় এদের নিদারুণ দুর্দশা লাঘবে বিশেষ প্রণোদনা ও পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদন ও হস্তক্ষেপ কামনা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খুলনা বিভাগ কর্তৃক প্রদেয় ‘প্রাণিপ্রেমী’ উপাধিপ্রাপ্ত এস এম সোহরাব হোসেন।
অপরদিকে প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের এ যৌক্তিক দাবির প্রতি একাত্মতা ও সংহতি জানিয়েছেন পোল্ট্রি সংশ্লিষ্ট দেশের জাতীয় ও কেন্দ্রীয় সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সভাপতি হাজী আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার মোঃ মহসীন, বাংলাদেশ এগ প্রডিউসার এসোসিয়েশনের সভাপতি শেখ আবু তাহের, ফিস ফার্ম ওনারস্ এসোসিয়েশনের মোল্লা সামসুর রহমান শাহীন, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, ঢাকা বিভাগীয় প্রধান সমন্বয়ক কামাল আহমেদ নান্নু, বরিশাল বিভাগীয় সমন্বয়ক মোঃ সোহেল, সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুল আউয়াল হক, রংপুর বিভাগীয় সমন্বয়ক মোঃ মাহবুব আলম, কুমিল্লা বিভাগীয় সমন্বয়ক আব্দুল মালেক ভূইয়া, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক নুরুল আসলামসহ সকল জেলা প্রতিনিধি।
দ্রুত ন্যূনতম সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বাসদদের
খবর বিজ্ঞপ্তি
কালক্ষেপণ না করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে দ্রুত সুনির্দিষ্ট তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং মানুষের জীবন-জীবিকা ও সম্মানের উপর আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নানা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টায় খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনে গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, সদস্য আব্দুল করিম, অ্যাড. সনজিত মন্ডলসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ’২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ৬ মাস অতিক্রান্ত হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল এ আশায় যে, দুর্নীতি-লুটপাট, টাকা পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মানুষের উপর শোষণ-বঞ্চনা নির্যাতন বন্ধ হবে; শ্রমিক ন্যায্য মজুরি পাবে, কৃষক পাবে ফসলের দাম, বাজার সিন্ডিকেটের কাছে মানুষ জিম্মি হয়ে থাকবে না; নারীরা নির্ভয়ে পথে চলতে পারবে, ধর্মীয় সংখ্যালঘু বলে কেউ আতঙ্কে থাকবে না, পাহাড় সমতলের আদিবাসীসহ সকল জাতিসত্তার মানুষ সমান মর্যাদা নিয়ে দেশে বসবাস করবে; জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রশাসন ও পুলিশ জনগণের উপর জুলুম নির্যাতন করবে না, মানুষ আদালতে সুষ্ঠু বিচার পাবে, গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, শিক্ষার্থীরা পাবে শিক্ষার অধিকার, চিকিৎসা নিয়ে ব্যবসা বন্ধ হবে, বেকাররা কাজ পাবে, প্রবাসীরা হয়রাণীর শিকার হবে না। কিন্তু অভ্যুত্থানের পর একদিকে মন্দির- মাজারে হামলা, শিক্ষা প্রতিষ্ঠানে, আদালতে, প্রশাসনে গায়ের জোর প্রতিষ্ঠা করা, ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ও কথিত তৌহিদী জনতার নামে মব ভায়োলেন্স তৈরি করে লালন উৎসব, বাউল উৎসব, নাট্য উৎসব বন্ধ, নারী ফুটবল খেলায় বাধা প্রদান, প্রকাশ্যে নারীর উপর হামলাসহ দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। ফলে গণতান্ত্রিক পরিবেশের চরম অবনতিতে মানুষের মনে হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে। সরকারের প্রতি সমর্থন ক্রমাগত কমছে। এই অবস্থার অবসান ঘটাতে প্রয়োজন সংস্কারের নামে কালক্ষেপণ না করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত সুনির্দিষ্ট তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং অন্তর্বর্তী সরকারের ৬ মাসের কাজের শ্বেতপত্র প্রকাশ করা। নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমানো, শ্রমিক কৃষকের জন্য আর্মি রেটে রেশন দেয়া, গণহত্যাকারী ও দুর্নীতিবাজদের বিচার, দুর্নীতির কালো টাকা ও পাচারের টাকা উদ্ধার করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ করা, গণআন্দোলনে পুলিশী হস্তক্ষেপ, দমন-পীড়ন আইন করে নিষিদ্ধ করা, মব ভায়োলেন্স, মাজার ভাঙ্গা, ধর্মীয় ও জাতিগত নিপীড়ন বন্ধ করা ও আদিবাসীদের সাংবিধানিকে স্বীকৃতি দেয়া, তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা, বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, দাদা ম্যাচসহ সকল কারখানা অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু করা, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সঠিক নদী ব্যবস্থাপনা, টেকসই বাঁধ নির্মাণ এবং লবণ পানির মাছ চাষ নিয়ন্ত্রণ করে কৃষি ফসলের উপযোগী জমি বৃদ্ধি করার দাবি জানান।
মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দী এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশে করে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয় পুলিশ পাঠানো হয়েছে।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা চলে যান। আজ সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মারা গেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহছান হাবীব সুমন (৪৫)।
সোমবার বিকেল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে এবং রাত ১টার দিকে চিকিৎসার জন্য যশোর থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
নিহত আহছান হাবীব সুমন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আহছান হাবীব সুমন সোমবার (৩মার্চ) ব্যাংকের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। স্টার ফিলিং স্টেশনের সামনে পৌছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আহছান হাবীব সুমনকে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় পরস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, ১ মেয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জনাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে বলেপারিবারিক সূত্রে জানা গেছে।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষ ও সদালাপী ব্যাংক ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুতে এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গৃহবধূর পোশাক পরিবর্তনের দৃশ্য ভিডিও করে প্রতারণা, গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে খুলনার ফুলতলা থানার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ারা হলেন- নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নাজমুল শেখ বিভিন্ন সময় ভুক্তভোগী গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করেন। ওই ছবি ও ভিডিও গৃহবধূকে দেখিয়ে প্রস্তাবে রাজি হওয়ার কথা বলেন নাজমুল। প্রস্তাবে রাজি না হলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেন তিনি। এই অভিযোগ পাওয়ার পর নাজমুল ও তার সহযোগী আশরাফকে আটক করে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
মুকুলে ছেয়েছে গাছ স্বপ্ন বুনছেন চাষি
সাতক্ষীরা প্রতিনিধি
গত কয়েক বছরে আম চাষে বদলে গেছে সাতক্ষীরার চাষিদের জীবনমান। চলতি বছর গাছে গাছে মুকুলের সমারোহে স্বপ্ন বুনছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই কুয়াশা থাকলেও এখন প্রকৃতি বেশ অনুকূলে। বসন্তের বাতাসে আমের মুকুলের ঘ্রাণে চাঙ্গা হয়ে উঠছে চাষিদের মন।
আমচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া এখন পর্যন্ত আম চাষের অনুকূলে। মুকুল আসার শুরু থেকেই চাষিরা বাড়তি যত্ন শুরু করেছেন। গাছে গাছে যে পরিমাণ মুকুল দেখা যাচ্ছে, তা টিকে থাকলে আমের ফলন ভালো হবে। আবার আমের আগামে দামও পাওয়া যাবে। গত বছরে জেলায় আমের ফলন কম হওয়ায় এবার আশানুরূপ ফলনের আশায় বুক বেঁধেছেন তারা।
সাতক্ষীরা সদরের আলীপুর, দেবনগর, বলাডাঙ্গা, ছয়ঘরিয়া, ঝাউডাঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব আম গাছেই প্রচুর পরিমাণে মুকুল এসেছে। ভরা আমের মুকুলে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হওয়ায় কৃষকও বেশ আশাবাদী হয়ে উঠেছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। মৌসুমের শুরুতে কুয়াশা থাকলেও এখন প্রকৃতিও বেশ অনুকূলে। চাষিরা স্প্রে করা, গাছের গোড়ায় পানি দেওয়া, পানি ছিটানোসহ মুকুল আটকাতে সব ধরনের যত্ন নেওয়া শুরু করেছেন। ব্যবসায়ীদের আনাগোনাও বেড়ে গেছে। আলাপকালে চাষিরা জানান, আমের ফলনের একটি প্রাকৃতিক রীতি আছে। এক বছর বেশি ফলন (অন ইয়ার) হয়, তো পরের বছর কম হয় (অফ ইয়ার)। মুকুল আসার পর প্রতিবছরই ব্যবসায়ীদের কাছে আমের বাগান আগাম বিক্রি করে দেন তারা।
কৃষি কর্মকর্তারা বলছেন, সময়ের আগেই কিছু গাছে মুকুল এসেছে। গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালিসহ অন্যান্য আমের মুকুল এবার আগাম হয়েছে। তাতে কৃষকের তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। গত বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ বছর আরও বেশি জমিতে আম চাষ হচ্ছে।
সাতক্ষীরা সদরের দেবনগর এলাকার চাষি আব্দুর রাজ্জাক জানান, আমের মুকুল এবার ভালোই আছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদী।
কলারোয়া উপজেলার কামারালী গ্রামের সোলাইমান হোসেন বলেন, ‘আমাদের এলাকায় হিমসাগর, ন্যাংড়া ও আম্রপালি আমের জন্য বিখ্যাত। সঠিক দাম পেলে চাষিরা আরও লাভবান হবেন। আম চাষে লোকসান নেই বললেই চলে।’
এবার গত বছরের চেয়ে বেশি আমের ভালো মুকুল এসেছে জানিয়ে তালা উপজেলার মেহেদী হোসেন বলেন, সঠিক পরিচর্যা করলে ভালো ফলন হবে। আবহাওয়া ও দেশের পরিস্থিতি অনুকূলে থাকলে আমে এবার লাভবান হওয়া যাবে।
সদরের আলীপুর গ্রামের আম ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ভালো লাভের আশায় তিনি চাষিদের কাছ থেকে আগাম বাগান কিনে রেখেছেন। আমের ফলন নিয়ে তিনি কিছুটা সন্দিহান।
সাতক্ষীরার জনপ্রিয় হিমসাগর আমসহ অন্যান্য আমের মুকুলে ছেয়ে গেছে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, এ বছর এখন পর্যন্ত আকাশ পরিষ্কার। বৃষ্টি বা কুয়াশা নেই, ঝড়-বাতাসও নেই। চাষিরা যদি ভালো করে পরিচর্যা করে তাহলে আশানুরূপ ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। মুকুল আসার পর থেকেই এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে দাবিতে ঝাড়ু মিছিল
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে দাবিতে স্থানীয় মহিলারা ঝাড়ু নিয়ে মিছিল করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নিরালা মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‘এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত ঝাড়ু মিছিল কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ মিছিলকারীরা। মিছিলটি ক্যাম্পাসের সামনের রাস্তায় ঘুরে মূল ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় স্থানীয়রা বক্তব্য বলেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাহবুবুর রহমান ভিসি হওয়ার পর থেকে শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট হয়ে দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে। তাই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে চায় স্থানীয় এলাকাবাসী।
তারা বলেন, একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না।
এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান হাবিব, নাগরিক সমাজের প্রতিনিধি মো. নাসির আহমেদ, মাসুদুল হক রানা, জাকির হোসেন, সাইদুর রহমান,আল আমিন হোসেন, নারী নেত্রী শারমিন আক্তার, মেহেরুন নেসা মিতু, ফারজানা আক্তার মিম, ফাতেমা তুজ জোহরা, মিস খাদিজা, তুলি, মেরুন্নেছা সাথী, রেহেনা, কুলসুম, ফাতেমা, পলি, পুতুল, লুবনা পারভীন প্রমুখ।
এর আগে সোমবার (০৩ মার্চ) চিকিৎসকরা মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।
ভেজাল কীটনাশকে পেঁয়াজের সর্বনাশ, কৃষকের মাথায় হাত
চুয়ডাঙ্গা প্রতিনিধি
ছত্রাকের আক্রমণ থেকে পেঁয়াজের গাছ ভালো রাখতে ক্ষেতে কীটনাশক স্প্রে করেছিল চাষিরা। সেই কীটনাশকেই পেঁয়াজের সর্বনাশ। পচে গেছে বিঘার পর বিঘা পেঁয়াজ। মাথায় হাত চাষিদের। এমনকি পেঁয়াজের সাথে সাথি ফসল হিসেবে চাষ করা কচু ও কলাগাছও মরে গেছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জাহাজপোতা গ্রামের কৃষক সেলিম উদ্দিন। তিন বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। এই চাষে লাখ টাকা খরচ জোগাতে নিজের পোষা গরু বিক্রি করেছিলেন। আশা ছিল এবার পেঁয়াজের ফলন ও দামে বেশ লাভবান হতে পারবেন। তবে তার সেই স্বপ্ন কেড়ে নিয়েছে কীটনাশক কোম্পানি। মার্শাল কোম্পানির য়োকরাল কীটনাশক স্প্রে করে পেঁয়াজ গাছে লেগেছে পচন। তার মতো একই অবস্থা কিষানি রেবেকা আক্তার রুনার। পেঁয়াজের সঙ্গে সাথি ফসল হিসেবে চাষ করা কচু, কলাগাছও মরে গেছে।
জানা গেছে, উপজেলার জাহাজপোতা, হুদাপাড়া, হরিরামপুর, মুন্সিপুর মাঠে ১৬ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমির পেঁয়াজ মার্শাল কোম্পানির কীটনাশক স্প্রে করাতে পচন লেগে নষ্ট হয়ে গেছে। হুদাপাড়া গ্রামের কীটনাশক বিক্রেতার কাছ থেকে মার্শাল কোম্পানির য়োকরাল নামের কীটনাশক কিনে ক্ষেতে স্প্রে করেছিল ভুক্তভোগী কৃষকরা।
সরেজমিন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, ২০ জন পেঁয়াজ চাষি তাদের পেঁয়াজ ক্ষেতে মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ উৎপাদিত য়োকরাল নামক ছত্রাকনাশক স্প্রে করেন। এর ফলে তাদের প্রায় ৩০ বিঘা জমির পেঁয়াজ পচে সম্পূর্ণ নষ্ট হয়ে প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চাষিরা জানান, তাদের ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো। বিঘাপ্রতি পেঁয়াজ চাষে তাদের খরচ হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার টাকার মতো। অপরদিকে তাদের ফলন হওয়ার কথা প্রতি কাঠায় ৮ মণ হিসেবে বিঘায় প্রায় ১৬০ মণ। গড়ে ২ লাখ টাকার উপরে তাদের মুনাফা হতো। আর মাত্র এক মাস পরেই তাদের উৎপাদিত পেঁয়াজ ওঠার কথা। এখন তাদের মাথায় হাত। এমন অবস্থায় ছেলে-মেয়ে নিয়ে তারা পথে বসে পড়েছেন। তার উপরে আছে বিভিন্ন এনজিও এবং মহাজনের কাছ থেকে চড়া সুদে নেওয়া ঋণের বোঝা।
জাহাজপোতা গ্রামের পেঁয়াজ চাষি কৃষক সেলিম জানান, আড়াই লাখ টাকার গরু বিক্রি করে পেঁয়াজ চাষ করেছিলাম। আমার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাড়ে তিন বিঘা পেঁয়াজের জমিতে মার্শাল কোম্পানির য়োকরাল কীটনাশক প্রয়োগ করেছিলাম। আমি এখন মহাজনের এবং এনজিওর ঋণের কিস্তি কীভাবে পরিশোধ করব, সেটা ভেবেই চরম অনিশ্চয়তার মাঝে দিন কাটছে আমার। পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের আরিফুলের দোকান থেকে কীটনাশক কিনে ব্যবহার করি। কোম্পানির লোক ক্ষতিগ্রস্ত পেঁয়াজের জমি দেখে গেছে। ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও না দিয়ে কালক্ষেপণ করছে। দেখি ক্ষতিপূরণ দেয় কিনা। না দিলে আমি উচ্চপর্যায়ে অভিযোগ করব।
জাহাজপোতা গ্রামের ফয়সালের স্ত্রী রেবেকা রুনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমিও আমার আড়াই লাখ টাকা দামের গরু বিক্রি করে দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। হুদাপাড়া গ্রামের সারের দোকানদার ইমরানের কাছ থেকে কেনা য়োকরাল বিষ দিয়ে আমার জমিরও পুরো পেঁয়াজ পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন পথে বসে গেছি, আমার কি হবে? আমি এর বিচার চাই।
এ বিষয়ে দোকানি আরিফুল বলেন, আমার এ কীটনাশকের ডিলার কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ের কীটনাশক দোকানি হাসিবুর। আপনি তার সাথে কথা বলেন। আমি শুনেছি এলাকায় আরও অনেক কৃষকের ক্ষতি হয়েছে। কোম্পানি তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কোম্পানির ডিলার হাসিবুরের সাথে কথা বললে তিনি নিজের দায় এড়িয়ে বলেন, আমি কিছু জানি না। কোম্পানির লোক সব বলতে পারবে। কোম্পানির বড় বড় অফিসার এটা দেখছে। আপনি এই কোম্পানিতে কর্মরত লোকনাথপুর গ্রামের আরিফের সাথে কথা বলেন।
কোম্পানির ফিল্ড অফিসার আরিফুল বলেন, আমরা মাঠে তদন্ত করে একটা তালিকা করেছি। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়াও আমাদের কীটনাশকে ক্ষতি হয়েছে কিনা তার পরীক্ষা চলছে, ক্ষতি হলে আমরা দেখবো।
হুদাপাড়া গ্রামের য়োকরাল ছত্রাকনাশক বিক্রেতা ইমরান আলী বলেন, আমার কাছ থেকে দুজন চাষি য়োকরাল বিষ কিনেছেন। তাতে ক্ষতি হয়েছে কিনা বলতে পারব না, তবে কোনো কোনো কৃষকের ক্ষতি হয়েছে এটা আগের য়োকরালেও হতে পারে। কোম্পানির লোকজন মাঠে গিয়েছে। ডেমো করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার তালিকা করেছে এবং তারা ক্ষতিপূরণ পাবে বলে আমি শুনেছি।
কার্পাসডাঙ্গা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন বলেন, আমরা মাঠ তদন্ত করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের বলেছি কোম্পানি ক্ষতিপূরণ না দিলে আমাদের উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ করতে। আমরা কৃষকের পাশে থাকব। ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষি ও ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ শেষ হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হুদাপাড়া গ্রামের মৃত নিশিন্দ হালসনার ছেলে মহত আলীর দেড় বিঘা, মৃত সাহাদতের ছেলে ফয়সালের স্ত্রী রেবেকা রুনার দেড় বিঘা, মৃত নাসির কেয়ারের ছেলে কালো কয়ালের ১০ কাঠা, আলিবদ্দিনের ছেলে সাগরের ১০ কাঠা, মৃত ভগার ছেলে খোকনের ১০ কাঠা, দয়লা মোড়লের ছেলে লিটনের ১৫ কাঠা, কার্পাসডাঙ্গার এম.মফিজুর রহমানের ছেলে সাঈদের ১৬ কাঠা, জাহাজপোতা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে সেলিম উদ্দিনের সাড়ে ৩ বিঘা, মৃত আবেদিনের ছেলে আব্দুর রাজ্জাকের দেড় বিঘা, হরিরামপুরের শাহজাহান আলী ডাক্তারের ছেলে ছাবদারের ২ বিঘা, মুন্সীপুরের কৃষক আব্দুর রাজ্জাকের ২ বিঘা জমির পেঁয়াজ সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গেছে। উল্লেখিত গ্রামগুলোর বেশিরভাগ কৃষক তাদের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ জমিতে পেঁয়াজ চাষ করে থাকেন। কারণ এই এলাকার জমি সাধারণত পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী।
হুদাপাড়া গ্রামের পেঁয়াজ চাষি মহত আলী জানান, তারা ভারতীয় সুখসাগর জাতের পেঁয়াজের বীজ এনে প্রতিবছর ভারতের সীমান্তবর্তী বাংলাদেশি কয়েকটি গ্রামের শত শত বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে থাকেন। কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা, হুদাপাড়া, জাহাজপোতা, হরিরামপুর, কুতুবপুর, চন্দ্রবাস, শিবনগর, মুন্সিপুর, আটকবর, কানাইডাঙ্গা গ্রামের পেঁয়াজ চাষিদের মাথায় হাত। প্রায় ৩০-৪০ বিঘা জমির পেঁয়াজ পুড়ে শেষ। উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তার অবশ্যই মাঠ পর্যায়ে এসে ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সাথে কোম্পানি শুধু ক্ষতিপূরণ দিয়ে যাতে দায়মুক্তি না পায় কৃষকের সাথে প্রতারণা করায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। একই গ্রামের পেঁয়াজ চাষি কাউল হোসেন বলেন, আমি ৪ লাখ টাকা খরচ করে আমার জমিতে চাষ করেছিলাম। এর সবটাই পচে গেছে বিষ দিয়ে। এটা এখন আর হবে না।
এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা শুনেছি এবং সরেজমিন ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত কীটনাশক কোম্পানির কর্মকর্তাদের ডেকে কথা বলেছি, তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি আশা করব তারা শীঘ্রই ক্ষতিপূরণ দিবে। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭ হাজার ৩৩৫ বিঘা জমিতে সুখসাগর ও তাহেরপুরী জাতের পেঁয়াজের চাষ হয়েছে। এর থেকে ৩০ হাজার ৭৭০ টন পেঁয়াজ উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার বিভিন্ন সময়ে মাটিলা, শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদ ও নাগরিককে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২২-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বাঁশ বাগানের মধ্যে থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর সিজার মূল্য সত্তর হাজার পাঁচশত টাকা।
তিনি আরও বলেন, শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. রফিকুলের আমবাগানের সামনে রাস্তার ওপর থেকে আসামিবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর জব্দকৃতমূল্য ৫১ হাজার টাকা।
বিজিবি কর্মকর্তা বলেন, পলিয়ানপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ও জব্দ মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাতে বিদ্যুতের আলোয় সৌন্দর্য ছড়াচ্ছে ড্রাগন বাগান
সাতক্ষীরা প্রতিনিধি
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদটি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী হয়ে সাতক্ষীরা তালা উপজেলার মধ্য দিয়ে মাগুরা ইসলামকাটি হয়ে খুলনা পাইকগাছা নদীর সঙ্গে মিশেছে। অন্যদিকে এই কপোতাক্ষ নদের কোল ঘেষে পাটকেলঘাটা টু মাগুরা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। এই রাস্তার পাশে ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে একটি ড্রাগন বাগান। সন্ধ্যা নামতেই বিদ্যুতের রঙ্গিন আলোয় রাতের ড্রাগন বাগানটি আলোয় ঝলমল করে। তখনই চলাচলরত পথচারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সৌন্দর্য উপভোগ করে থাকেন।
জানা গেছে, তালা উপজেলার বাগমারা গ্রামের মৃত শিক্ষক ওমর আলী শেখের পুত্র অধ্যাপক এসএম তহিদুজ্জামান শখের বশবর্তী হয়ে এই ড্রাগন চাষ করেছেন। তিনি অন্য লোকের নিকট থেকে প্রায় ৭ বিঘা জমি হারি নিয়ে গত ৭/৮বছর পূর্বে এই ড্রাগন চাষ শুরু করে। তবে এই ড্রাগন চাষ করে তিনি স্বাবলম্বী।
এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে পেশাগতভাবে তিনি একজন সরকারি বিসিএস ক্যাডার। তিনি খুলনায় একটি সরকারি কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বর্তমানে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে ড্রাগন বাগানে গেলে তার কর্মচারী কামাল হোসেন জানান, প্রায় ৭/৮ বছর এখানে কাজ করি। তবে যখন থেকে এই বাগানে বিদ্যুতের রঙ্গিন বাল্ব জ্বালানো হয়েছে তখন থেকে বাগানের সৌন্দর্য দেখতে সাধারণ মানুষ ভিড় জমায়। এ ব্যাপারে ড্রাগন বাগানের সত্ত্বাধিকারী অধ্যাপক এসএম তহিদুজ্জামান জানান, ড্রাগন বাগান করেছি শখ করে। আমার বাগান দেখে এলাকায় অনেকে এই ড্রাগন চাষ করছে। আমি তো বাইরে থাকি ঠিকমত সময় দিতে পারি না। লোকজন আছে তারা দেখাশুনা করে। তবে এটা খুব লাভজনক। তালা উপজেলার কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, তালায় অনেকে ড্রাগন চাষ করছেন। এটা লাভজনক।
ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আরো আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থি নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় তোফাজ্জেল হোসেন নামে আরও একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার শিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের জবান আলী মন্ডলের ছেলে। এ নিয়ে ওই ঘটনায় তিন জনকে আটক করলো র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ বলেন, ‘আটককৃত তোফাজ্জেল হোসেনকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।’
গত ২১ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আব্দুল হানিফ, তার শ্যালক লিটন হোসেন ও রাইসুল ইসলামকে। ওই রাতেই হত্যার দায় স্বীকার করে চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠানো হয়। যদিও এ বার্তা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়।
নিহত হানেফ আলীর ভাই ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান শৈলকুপা থানায় অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ২৫ ফেব্রুয়ারি আবু সাঈদ ও আনারুল ইসলাম ওরফে রাজ নামের দুজনকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে র্যাব।
খুবির ১নং একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ফিতা কেটে এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ভবনেও এ সুবিধা চালু করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুুষ্ঠানের ছবি, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি এখানে প্রদর্শন করা হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবগুলো একাডেমিক ভবনে স্থাপনের কাজ শেষে হাদী চত্বরে একটি বৃহদাকার মনিটর স্থাপন করা হবে। যাতে কেউ বিশ্ববিদ্যালয় এলে সহজেই বুঝতে পারে- এ বিশ্ববিদ্যালয় কতটা প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাশক্তির। তিনি এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে : কাদের গণি চৌধুরী
খবর বিজ্ঞপ্তি
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা গণমাধ্যম রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১৫ বছরে স্বৈরশাসককে মহাস্বৈরশাসক ও ফ্যাসিস্টকে মহাফ্যাসিস্ট বানানোর জন্য গনমাধ্যম বহুলাংশে দায়ী।
তিনি বলেন, যে ধরনের গুম খুন হত্যা নির্যাতন, দিনের ভোট রাতে হওয়া এই চিত্রটা যদি গণমাধ্যম তুলে ধরতো তাহলে ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকার স্থায়ী হতে পারতো না।
সাংবাদিকদের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। সাংবাদিকদের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগনের আস্থা ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার তিনি খুলনা প্রেস ক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
কাদের গণি চৌধুরী বলেন, আজকে সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়ন হচ্ছে এখান থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে সাংবাদিকদের মধ্যে ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সত্যনিষ্ঠ থাকি ও বস্তুনিষ্ঠ নিউজ করি আমাদের কেউ রুখতে পারবে না। বাংলাদেশকে মানবিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে সাংবাদিকরাই বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা হলুদ সাংবাদিকতা করবো না। মিথ্যাচার করবো না।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়। কিন্তু আজ বাংলাদেশে সেটি খুব একটা হচ্ছে না। বিশেষ করে পতিত সরকার এদেশের সাংবাদিকতার সর্বনাশ করে গেছে। এক ধরণের দলদাস সাংবাদিক তৈরি করে তাদের দিয়ে অসত্য লিখিয়ে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা ছিল তা নষ্ট করে ফেলেছে
কাদের গনি চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়, তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না। রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ নড়বড়ে হয়ে গেলেও চতুর্থ স্তম্ভ শক্ত থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখা যায়। আর চতুর্থ স্তম্ভ নড়বড়ে হলে রাষ্ট্রব্যবস্থা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, রাষ্ট্র বিপদগ্রস্ত হয়।
এমইউজে খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, এমইউজে’র কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোঃ এরশাদ আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর’র খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন, বাংলা নিউজ টুয়েন্টি ফোর’র ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু, একুশে টিভির খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নুর।
কুয়েটের প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র দুই প্রকৌশলীকে খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কর্তৃক গালিগালাজ, নির্বাহী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কুয়েট প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন।
বক্তৃতা করেন যোগীপোল ইউপি সদস্য জিএম এনামুল কবির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলিম রেজা, মোহাম্মদ জয়নাল, রেজাউল ঢালী, ইমাম হোসেন রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় এলাকাবাসী ও মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা মোল্লা সোহাগ হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।এদিকে কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে কুয়েট অফিসার অ্যাসোসিয়েশন আজ জরুরি কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছে।
উল্লেখ্য, সোমবার (৩ মার্চ) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মোঃ গোলাম কিবরিয়াকে থানা বিএনপি’র ওই সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এবং একই দিন বিকালে নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।মোল্লা সোহাগ হোসেন কুয়েটের একটি ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি প্রোফিট যুক্ত করে দর নির্ধারণ করা হলো না কেন এ কারণে ওই দুইজন নির্বাহী প্রকৌশলীকে হুমকি দেয় বলে জানা যায়।
তেরখাদায় ছয় ইটভাটা বন্ধ ও কয়লা তৈরীর ১৩ চুল্লি গুড়িয়ে দিয়েছে প্রশাসন
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলায় ৬টি অবৈধ ইটাভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ১৩টি চুল্লি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ মার্চ) হাইকোর্টের এসব অবৈধ ইটাভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ।
জানা যায়, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তেরখাদায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার রাজ ব্রিকস, নিউ বিবিসি, খান ব্রিকস, বিবিসি ও এনবিএল, কেবিসি নামে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং মধুপুর গ্রামের নদীর তীরবর্তী অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজে ব্যবহৃত ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখি শেখ বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক উপজেলায় চলমান ৬টি অবৈধ ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩ টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, যৌথ বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী গ্রেপ্তার
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা গাজী জিয়াউর রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃত চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান কে যৌথ বাহিনী দিঘলিয়া থানায় হস্তান্তর করেছে।
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকোষ টিম বিশেষ অভিযান চালিয়ে গত সোমবার (০৩ মার্চ) গভীর রাতে নগরীর খালিশপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। গেপ্তারকৃত চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে গত ২৯ আগস্ট দিঘলিয়া থানায় দাখিল হাওয়া একটি মামলায় আটক দেখানো হয়েছে।
নগরীতে হকার ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
নগরীতে যাত্রীর ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের ঘটনায় হকার ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে নগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে সিএনজি চালক ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েক জন অহত হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খুলনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
খুলনায় পৃথক অভিযানে ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাধন অধিকারী, মহানগর যুবলীগের সদস্য মশিউর রহমান সুমন ও রামপাল উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুসাদ হোসেন অনিক।
সোমবার গভীর রাতে নগরীর দোলখোলা মোড়ে অভিযান চালিয়ে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান সাধন অধিকারীকে ও শিববাড়ি মোড় থেকে রুসাদ হোসেন অনিককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মশিউর রহমান সুমনকে।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া গ্রেপ্তার হয়েছেন বলে তার স্বজনরা জানালেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। দিঘলিয়া থানার ওসিকে এ বিষয়ে ফোন দেওয়া হলেও
লেখাপড়ার পাশাপাশি খেলাধু বিকল্প নেই: মনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, বিগত দিনে আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থার দলীয় করন করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েগেছে। আমারা চাই মেধা বিকাশের মাধ্যমে আদর্শ শিক্ষক ও গতিশীল নেতৃত্ব স্কুল- কলেজ পরিচালনা করবেন। লেখাপড়ার পাশাপাশি দেশ গঠনে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতির জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের গঠনমূলক কর্মকান্ডে প্রশংসা করে বলেন,মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি খুলনা বাসীর কাছে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত পেয়েছেন।
খুলনার ঐতিহ্যবাহী রায়েরমহল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ঘোষিত সম্মানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে কলেজ মিলয়াতনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো.রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ সাদিকুল ইসলাম সাদী নগর বিএনপি নেতা বদরুল আনাম খান। উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদার, নুরুল ইসলাম, ছাত্র নেতা বোরহান উদ্দিন সেতু প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খান রোকসানা পারভীন, সঞ্চালনায় ছিলেন কলেজের শিক্ষক প্রতিনিধ রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাসক শেখ শামসুদ্দীন দোহা।
কলেজ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পাশপাশি এলাকার যুব সমাজের অংশগ্রহণে উন্মুক্ত দড়াটানা প্রতিযোগিতা ছিলো উপভোগ্য। দীর্ঘদিন পরে রায়েরমহল-বয়রা এলাকায় ব্যতিক্রমধর্মী আয়োজনে দেখে যুব সমাজকে উৎসাহিত করতে রকিবুল ইসলাম বকুল দড়াটানা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের সকল সদস্যদের জন্য পৃথক পৃথক একটি করে ডিনার সেট রোবার স্কাউট সদস্যদের প্রেসার কুকার ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি করে ফ্রাইপেন উপহার প্রদান করেন।











































