রাজু আহমেদ
দেশের অন্যতম পুরনো শহর খুলনা। এই শহরে দিন দিন বাড়ছে লোকসংখ্যা। বাড়ছে শহরতলীর অবকাঠামো। কিন্তু তারপরও ১৮ বছরেও বাড়েনি পুরনো এই সিটি করপোরেশনের সীমানা। ফলে নগর পাশ্ববর্তী যেমন অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, তেমনি পর্যাপ্ত নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন।
ইতিহাস ঘেঁটে ও তথ্য বিশ্লেষণে জানা যায়, ১৯৯০ সালে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করা হয় খুলনা শহর হিসাবে। সে সময় কেসিসি’র আয়তন ছিল ৪৫ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। দীর্ঘ তেত্রিশ বছর ধরে একই আয়তনে আছে শহরটি। তবে লক্ষ করা যাচ্ছে কেসিটির সীমানা বৃদ্ধি না হলেও শহরের সীমানা ঠিকই বেড়েছে। কেসিসির সীমানার বাইরে থাকা নাগরিকেরা এখন কেসিসির মধ্যে আসতে আগ্রহ প্রকাশ করছেন। সর্বশেষ ১৮ বছর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে কেসিসির আরও ৪০ দশমিক ১০ বর্গকিলোমিটার এলাকা সম্প্রসারণের জন্য লিখিত প্রস্তাব পাঠানো হয়। কিন্তু তা নিয়ে আর অগ্রগতি হয়নি।
কেসিসি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ নভেম্বর নগরের দক্ষিণ ও পশ্চিম পাশের ২০টি মৌজা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে প্রথম প্রস্তাব পাঠানো হয়। বিভিন্ন জটিলতায় ওই কাজে তখন অগ্রগতি হয়নি। ২০১৩ সালের ৫ অক্টোবর নগরের সীমান্তবর্তী এলাকায় হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা নামে নতুন তিনটি থানা স্থাপন করে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। মহানগরের মধ্যে নতুন থানা হওয়ায় প্রস্তাবটি পরিবর্তন এনে এসব থানা এলাকার ৬টি মৌজাকে অন্তর্ভুক্ত করা হয়। খুলনার ২৬টি মৌজা কেসিসির অন্তর্ভুক্তির বিষয়টি কেসিসির সাধারণ পরিষদ ২০১৩ সালের ২৬ ডিসেম্বর অনুমোদন দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। তবে শহরটি সম্প্রসারণের জন্য খুলনা-১ আসনের আওতাধীন বটিয়াঘাটা উপজেলা, খুলনা-৪ আসনের আওতাধীন দিঘলিয়া উপজেলা ও খুলনা-৫ আসনের আওতাধীন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার ২৬টি মৌজার ১১৩ বর্গকিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৪ সালের ২৬ নভেস্বর’ নির্বাচিত জনপ্রতিনিধি (সংসদ সদস্য) নিয়ে মতামত প্রকাশের জন্য কেসিসি বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ বরাবর নির্বাচিত জনপ্রতিনিধিদের (সংসদ সদস্য) মতামত প্রকাশের অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৬ সালের ০৯ ফেব্রুয়ারী’ গন বিজ্ঞপ্তি জারী করার জন্য জেলা প্রশাসক, খুলনা বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সীমানা বৃদ্ধির ২০ মৌজার সংশ্লিষ্ট দপ্তরের চিঠি পাঠানো হয়। উল্লেখ্য করা হয় কাহারো কোন আপত্তি থাকলে ৩০ দিনের মধ্যে জানাতে হবে। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০১৬ সালের ২৫ মে, পুনরায় গন শুনানীর জন্য সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য সিটি কর্পোরেশন বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০১৬ সালের ১৬ জুলাই পুনরায় গন শুনানীতে ২০টি মৌজা সীমানার বৃদ্ধির জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ বরাবর প্রস্তাব পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৭ সালের ১৬ জানুয়ারী’ পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয় বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে দীর্ঘ ২ বছর থেমে থাকার পর খুলনা সিটি কর্পোরেশন থেকে ২০১৯ সালের ২৪ অক্টোবর’ পুনরায় ২৬ মৌজা কেসিসির অর্ন্তুভূক্তকরণের জন্য খুলনা জেলা প্রশাসক বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০২১ সালের ১০ জানুয়ারি ফুলতলা উপজেলাধীন শিরোমনি ও মশিয়ালী মৌজা বাদে ১৮টি মৌজা সীমানার বৃদ্ধির জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ থেকে ২০২১ সালের ১৬ মে’ কেসিসির সীমানা বৃদ্ধির প্রস্তাবের ৩০ সেট আনুসাংগিক কাগজের কপি মন্ত্রিপরিষদ সচিব বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২১ সালের ২৩ মে পুনরায় মৌজার সাথে ম্যাপের মিলের পরিক্ষা-নিরীক্ষার জন্য সিনিয়র সচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ থেকে ২০২১ সালের ০৬ জুন’ মৌজার সাথে মিল রেখে রঙ্গিন ম্যাপ প্রেরণের জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয় বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০২১ সালের ০৯ জুন’ মৌজার সাথে মিল রেখে ৪০ টি রঙ্গিণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ বরাবর অনুলিপি প্রদান করেন। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ থেকে ২০২১ সালের ২৮ জুন’ পুনরায় কেসিসির সীমানা বৃদ্ধির প্রস্তাবের ৩০ সেট আনুসাংগিক কাগজের কপি মন্ত্রিপরিষদ সচিব বরাবর অনুলিপি প্রদান করেন।
পরে খুলনা-১ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য ১২টি মৌজার বিষয়ে তাঁদের আপত্তি জানান। পরে প্রস্তাব সংশোধন করে ১৪টি মৌজার ৪০ দশমিক ১০ বর্গকিলোমিটার এলাকা কেসিসিতে সংযুক্তির প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবিত সংশোধিত প্রকল্পে বর্ধিতকরণ ১২টি মৌজা হচ্ছে মাথাভাঙ্গা, খোলাবাড়িয়া, হরিণটানা, ডুবি, আলুতলা, কৃষ্ণনগর, ঠিকরাবন্দ, চক মথুরাবাদ, আড়ংঘাটা, তেলিগাতি, যোগীপোল ও শ্যামগঞ্জ। এছাড়া সাচিবুনিয়া, চক আসানখালি, বিল পাবলা, দেয়ানা, গিলাতলা ও আটরা এই ৬টি মৌজার আংশিক অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী বর্ধিত সিটি কর্পোরেশনের মোট আয়তন হবে ৮৬.৭৫ বর্গকিলোমিটার, যা বর্তমান আয়তনের প্রায় দ্বিগুণ।
দেখা যায়, কেসিসির দক্ষিণ-পূর্ব দিক থেকে ভৈরব ও রূপসা নদীর পাড় দিয়ে চলে গেছে উত্তর-পশ্চিম দিকে। নদীর অপর পাড়ে রূপসা ও দিঘলিয়া উপজেলা। এ কারণে নদীর ওপারে আর শহর সম্প্রসারিত হয়নি। তবে পশ্চিম পাশ ঘিরে সিটি করপোরেশনের সীমানার বাইরে গড়ে উঠছে শহর। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), অনান্য প্রাইভেট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রস্তাবিত এলাকাগুলো পড়েছে সিটি করপোরেশনের বাইরে। সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছে। অনাপত্তিসহ সব ধরনের নথি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন সেটি আটকে আছে মন্ত্রিপরিষদ সচিবালয়ে। বিগত সরকারের আমলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে একধিক বার কথা হলেও কোন সুরহা হয়নি।
হরিণটানা এলাকার স্থায়ী বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, জন্মের পর হইতে শুনে আসছি আমরা গ্রামের মানুষ। শহরের মানুষ কেউ বলে সিটি কর্পোরেশনে বসবাসরত বাসিন্দা। আমরা এলাকার মানুষ নানা সমস্যায় আছি দীর্ঘদিন ধরে। কবে হবে আমাদের সিটি কর্পোরেশনের সুবিধার স্বপ্ন পূরন। এখন সিটি কর্পোরেশন না হলে তো উন্নয়ন হচ্ছে না। তিনি আরোও বলেন, আমাদের সন্তানদের কি মনে চায় না বাড়ির পাশের পার্কে খেলতে?? আমরা কি দোষ করলাম ? এইরকম অনেক সুবিধাগুলো থেকে বঞ্চিত আমরা।
কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন দৈনিক খুলনাঞ্চলকে বলেন, মন্ত্রণালয়ে ওই কাগজপত্র যাওয়ার পর যাচাই-বাছাইয়ের জন্য মৌজাগুলোর আরও কাগজপত্র চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী সবই সরবরাহ করা হয়। জানা যায়, ২০২১ সালের জুন মাসে সীমানা বৃদ্ধির প্রস্তাবটি সংশ্লিষ্ট সচিব কমিটির সভায় উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়। ওই-সংক্রান্ত একটি চিঠিও সিটি কর্পোরেশনের কাছে পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কিন্তু এরপর থেকে থমকে আছে সব প্রক্রিয়া।
বটিয়াঘাটা জলমা ইউনিয়ন পরিষদের সচিব বলেন, জলমা এলাকায় ৬০ হাজার ভোটার। কিন্তু বসবাসরত মানুষ ৪ লাখেরও বেশি। এত মানুষকে সব সুবিধা দেয়া একটি ইউনিয়ন পরিষদের পক্ষে কোনদিনও সম্ভব না। ইউনিয়নের বাজেটও খুবি কম। ফলে নাগরিক সুবিধা এখানে নেই বললেই চলে। তবে সিটি কর্পোরেশনের হয়ে গেলে সাধারন মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আশিক-উর-রহমান বলেন, ‘নগরীর পাশে অনেক আগে থেকেই নগরায়ন হয়ে গিয়েছে। ছোট্ট এই নগরী এত মানুষের চাপ সামলাতে পারছে না। এ কারণে মানুষ এর পাশে বসতি গড়ে তুলছে। তবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় এসব নগরায়ণ হচ্ছে অপরিকল্পিতভাবে। যেসব স্থাপনা হচ্ছে তার সামনে নিয়ম অনুযায়ী সড়কের জায়গা রাখা হচ্ছে না, ড্রেনের জায়গা রাখা হচ্ছে না। ফলে এসব এলাকা ভবিষ্যতের জন্য অনিরাপদ হয়ে উঠছে। আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি। নিরাপদ খুলনা নগরী গড়ার জন্য যত দ্রুত সম্ভব এসব এলাকাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে পরিকিল্পিতভাবে নগরায়ণ করা জরুরি।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান দৈনিক খুলনাঞ্চলকে বলেন, বিগত সরকারের আমলে কেসিসির সীমানা বৃদ্ধির প্রস্তবটি ২০০৭ সালের পর হইতে একাধিকবার আলোচনা, মানববন্ধন করেও তেমন কোনো অগ্রগতি এখনও হয়নি। খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া, আড়ংঘাটায় এবং ফুলতার আটরা থেকে খুলনার রূপসা এলাকা পর্যন্ত গড়ে উঠেছে ঘনবসতি ও বাজারঘাট। তই সব বিছু মিলিয়ে খুবই জরুরী দরকার কেসিসির সীমানা বৃদ্ধি করা। যাতে খুলনার সাধারণ মানুষ ভবিষ্যতে বিপদগ্রস্ত হয়ে না পড়ে।











































