স্টাফ রিপোর্টার
রমজানের শুরুতেই ভিড় বেড়েছে খুলনার জনপ্রিয় ফেরিঘাটের জিলাপি, মাঠা ও সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিমের দোকানে। ভিড় রয়েছে ফুটপথ থেকে অভিজাত ইফতারির দোকানে। পরিবারের সকলকে নিয়ে ইফতার আয়োজনে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। আর বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় ইফতার সামগ্রী উৎপাদনে বেশি খরচ হলেও কম রাখছেন তারা।
ফেড়িঘাট মোড়ের জিলাপি খুলনায় ইফতার চিন্তাই করা যায় না। বছরের অন্যান্য সময়ও এখানকার জিলাপির চাহিদা থাকে সব থেকে বেশি। রমজান আসলে সেটি আরো বাড়ে। রেশমি, শাহি ও সাধারণ তিন ধরণের জিলাপি বিক্রি হয় ফেরিঘাটে। রেশমি জিলাপি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, শাহি জিলাপি বিক্রি হচ্ছে ২৫০ টাকায় ও ছোট সাধারণ জিলাপি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।
খুলনার ফেড়িঘাট মোড়ের জিলাপি বিক্রেতা মান্নান জানান, তারা ৫০ বছর ধরে এখানে বংশানুক্রমে জিলাপি বিক্রি করেন। এ বছর উৎপাদন খরচ বাড়লেও আমরা আগের বছরের দামেই এবার জিলাপি বিক্রি করছি। সারা বছর চাহিদা থাকে এখানকার জিলাপির। রমজান এলে আরো বেড়ে যায়।
জিলাপির মত এখানকার ছালছাবিল মাঠারও সুনাম রয়েছে। সারাবছর এটির চাহিদা যেমন বেশি থাকে রমজানে বেড়ে যায় আরো। ১৬০টাকা কেজি দরে বিক্রি হয় মাঠা।
ছালছাবিল দুধ ও মাঠা ঘরের প্রোপাইটর জাহিদুল ইসলাম বলেন, কাঁচামালের দাম বাড়লেও দাম বাড়াননি তিনি। আর ক্রেতারা বলছেন মানের কারনে এদের চাহিদা বেশি।
বয়রা থেকে জিলাপি ও মাঠা কিনতে আসা সাইফুল জানান, এখানকার জিলাপি খুবই জনপ্রিয়। একারনেই বয়রা থেকে নিতে এসেছি। প্রথম রোজা পরিবারের সকলকে নিয়ে করবো।
সোনাডাঙ্গা এলাকার রাজু আহমেদ জানান, এখানকার জিলাপি ও মাঠা সুনাম রয়েছে। রোজা ছাড়াও এখানে প্রচুর জিলাপি ও মাঠা বিক্রি হয়। রোজার মাসে সেই চাপ আরো বারে।
একই রকম জনপ্রিয় সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিম। ১৯৯৩ সাল থেকে শুধুমাত্র রমজান মাসেই হালিম বিক্রি করেন নানা মোঃ হযরত আলী । ২০০ টাকা থেকে ১৪০০ টাকায় বিক্রি হয় নানার হালিম। প্রতিদিন পাঁচ ডেগ হালিম বিক্রি হয় তাঁর।
মোঃ হয়রত আলী জানান, এ বছর কাঁচা মালের দাম বাড়লেও পণ্যের দাম বাড়াননি নানা। প্রথমদিন বিকাল পাঁচটা পর্যন্ত চার ডেগ বিক্রি হয়েছে। আশাকরি অন্যান্য বছরের তুলনায় এ বছরও ভালো বেঁচাকেনা হবে।
হালিম কিনতে আসা মহিদুল জানান, নানার হালিম খুলনার সব থেকে জনপ্রিয়। আর এদের খাবারের মানও ভালো। একারনেই সকলে এখানে আসে।
ভিড় রয়েছে নগরীর প্রতিটি মোড়ে মোড়ের ইফতার সামগ্রীর দোকানর পাশাপাশি অভিজাত হোটেলগুলোতেও বসেছে ইফতার বাজার। আকর্ষনীয় মেন্যু ও খাবারের মানের কারনে সেখানেও যাচ্ছেন ক্রেতারা।
হোটেল ওয়েস্টার্ন ইন এর ম্যানেজার জানান, আমাদের স্পেশাল হালিম, চিকেন ফ্রাইসহ বিভিন্ন দেশি বিদেশী মেন্যু থাকে ইফতার বাজারে। এ কারণেই আমাদের এখানে এই সকল স্পেশাল মেন্যুর চাহিদাও বেশি থাকে।
এর বাইরে নগরীর শরবত ও ফলের দোকানেও ইফতারে রয়েছে ভিড়। পবিত্র রমজান মাস জুড়ে ইফতারের আগ মুহূর্তে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এই সকল দোকানে।










































