Home খেলাধুলা মাঠে নামলেই ৩০০’র মাইলফলকে পৌঁছাবেন কোহলি

মাঠে নামলেই ৩০০’র মাইলফলকে পৌঁছাবেন কোহলি

7


স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলির সামনে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। আজ রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০তম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। ৪৬৩ ম্যাচ খেলে সবার ওপরে শচীন টেন্ডুলকার। ওয়ানডে ইতিহাসেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার।

কোহলির ৩০০তম ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন তার স্ত্রী এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। থাকবেন তার ভাই বিকাশ কোহলিও। তিনিও আনুশকার সঙ্গে দুবাই যাবেন।

কোহলি আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। যেখানে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। সব চেয়ে কম ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন। ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড।

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত এবং নিউ জ়িল্যান্ড। রবিবার ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপের এক নম্বর দল হিসাবে শেষ করবে। তবে এই ম্যাচের মূল আকর্ষণ কোহলিই।

ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৭ ম্যাচ খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি, ৩৪০ ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। সবার আগে তিনশ ছুঁয়েছেন যিনি, সেই মোহাম্মদ আজহারউদ্দিনের ক্যারিয়ার থেমেছে ৩৩৪ ম্যাচে। সৌরভ গাঙ্গুলী খেলেছেন ৩০৮ ম্যাচ। সবশেষ ২০১৭ সালে এই মাইলফলকে পা রাখা যুবরাজ সিং খেলেছেন মোট ৩০১ ওয়ানডে।

ভারতের বর্তমান দলে তিনশ ছোঁয়ার সম্ভাবনা কোহলির পরে সত্যিকার অর্থে আছে রোহিত শার্মার। ভারতীয় অধিনায়ক ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ২৭০টি।