ক্রীড়া ডেস্ক
বার্সেলোনা ছাড়তে চাননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিজ ক্যারিয়ারের পুরোটা সময় স্প্যানিশ ক্লাবটিকে দিয়েছেন এই ফুটবল জাদুকর। কিন্তু ২০২১ সালে মনের বিরুদ্ধে যেতে হলো তাকে। যোগ দিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। সেই ক্লাবে দুই বছর কাটালেও বেশ দুঃসহ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এমনটিই জানিয়েছেন আটবারের ব্যালন ডি অর বিজয়ী এই তারকা। শুক্রবার অ্যাপল মিউজিক সাক্ষাৎকারে মেসি জানান, পিএসজি ছাড়ার পথ খুঁজছিলেন তিনি। ইন্টার মায়ামিতে খেলার প্রস্তাব তার সেই পথ বয়ে এনেছে।
পিএসজি ছাড়ার পর মেসি সবসময় বলেছেন সেখানে তিনি সুখে ছিলেন না। মেসি প্রথমে বলেন, ‘প্যারিসে আমার সময় যেমন কেটেছে, এরপর ইন্টারের (মায়ামি) সঙ্গে চুক্তি করাটা আমার জন্য ছিল একটি সুযোগ। এই সিদ্ধান্ত আমাকে নিতেই হতো, কারণ বার্সেলোনা ছাড়তে হয়েছে আমাকে, এরপর ওই দুটি বছর (পিএসজিতে) আমি উপভোগ করতে পারিনি।’
তিনি আরও যোগ করেন, ‘প্রতিদিনের নানা কিছু, ট্রেনিং সেশন, ম্যাচ, কিছুতেই খুশি ছিলাম না। সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন হয়ে উঠেছিল।’
মেসির সেই হারিয়ে যাওয়া হাসি ফিরেছে মায়ামিতে গিয়ে। বার্সেলোনার হয়ে বছরের পর বছর অবিশ্বাস্য পারফরম্যান্সে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপসহ অনেক শিরোপা জয়ের পর ২০২১ সালে শৈশবের ক্লাব ছেড়ে যান তিনি। বলা ভালো, ছাড়তে বাধ্য হন ক্লাবের আর্থিক নানা জটিলতার কারণে। দুই বছরের চুক্তিতে তিনি পাড়ি জমান পিএসজিতে।
নতুন ক্লাবের হয়ে ফরাসি লিগে দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান তিনি, একবার জেতেন ফরাসি ক্লাব। তবে মেসিকে নিয়ে পিএসজির ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের মূল লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। বরং শেষ দিকে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে শিরোপা জয়ের পর তাকে নিয়ে পিএসজির সমর্থকদের আক্ষেপ-হতাশা বেড়ে যায় আরও। সমর্থকদের একটি অংশ তাকে কাঠগড়ায় দাঁড় করার চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার জন্য। ক্লাবের অনুমতি না নিয়ে অনুশীলন সেশন বাদ দিয়ে সৌদি আরবে ব্যক্তিগত সফরে যাওয়ায় নিষেধাজ্ঞাও পেতে হয় তাকে।
অবশেষে ২০২৩ সালে পিএসজিতে চুক্তি শেষে তিনি পাড়ি জমান ইন্টার মায়ামিতে। নতুন ক্লাবেও তার সাফল্যের রথ ছুটছে দারুণ গতিতে। গত মৌসুমে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি, মেসি হয়েছেন মৌসুমের সেরা ফুটবলার। ক্লাবে সতীর্থ হিসেবে তিনি পেয়েছেন বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস, লুইস সুয়ারেসদের মতো তারকাদের।
মেসি কারণে মায়ামির আয় বেড়ে গেছে রেকর্ড পরিমাণে। স্পন্সররা ভিড় জমাচ্ছেন একের পর এক। মেসির ম্যাচে প্রতিপক্ষের মাঠেও গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। মেজর লিগ সকার (এমএলএস) নিয়ে গোটা ফুটবল বিশ্বের আগ্রহও বেড়ে গেছে অনেক।
মেসির আশা, অন্য ক্লাবগুলোও মায়ামির মতো করে চেষ্টা করবে এই লিগকে আরও জমজমাট করে তুলতে।
মেসি বলেন, ‘এমএলএস এখন অনেকটা পরিণত হয়েছে এবং আরও বেড়ে উঠছে। আশা করি, এই অগ্রগতি থেমে যাবে না এবং ইন্টার মায়ামিকে উদাহরণ হিসেবে নিয়ে অন্য ক্লাবগুলোও এই আসরকে সমৃদ্ধ করে তুলবে।’










































