স্পোর্টস ডেস্ক
গাভি ও লামিনে ইয়ামালের গোলে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় প্রথম সেমিফাইনালে দুই অর্ধে একটি করে গোল করেছে গাভি ও ইয়ামাল।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী রবিবার শিরোপা লড়াইয়ে নামবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সপ্তদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো বাল্দেকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাকে ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান গাভি।
বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে ৫২তম মিনিটে। গাভির পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়ামাল।











































