Home খেলাধুলা প্রথম ২ ম্যাচ হেরেও সিরিজ ড্র করল বাংলাদেশ

প্রথম ২ ম্যাচ হেরেও সিরিজ ড্র করল বাংলাদেশ

10


স্পোর্টস ডেস্ক

মালেশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলংকা সফর করে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। ৪ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হেরে বসে সুমাইয়া আক্তাররা। তবে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে শেষ দুই ম্যাচে জয় তুলে নেয় লাল-সবুজ জার্সিধারীরা।


আজ বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে শ্রীলংকা। ২১ রানের জয়ের আগের ম্যাচে ৪ উইকেটে জেতে বাংলাদেশ। আর গত রবিবার সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারার পরের দিন ৬৫ রানে হারে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৫ বলে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন সাত নম্বরে ব্যাটিংয়ে নামা জান্নাতুল মাওয়া। এছাড়া আফিয়া ২১ ও ইভার ব্যাট থেকে আসে ২০ রান। এদিন অধিনায়ক সুমাইয়া ৪ বল খেললেও কোনো রান করতে পারেননি।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করে বাংলাদেশ। ৫ বোলার নিজেদের কোটা পূর্ণ করে ২০ ওভার শেষ করেন। জান্নাতুল, ফাহমিদা ছোঁয়া, ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার ও আনিসা আক্তার প্রত্যেকেই পান উইকেট। এর মধ্যে সবচেয়ে সফল ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক জান্নাতুল। ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। বাকি সবাই একটি করে উইকেট শিকার করেন। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে সবচেয়ে কৃপণতা দেখান নিশিতা।

আগামী শনিবার শ্রীলংকা থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে।