Home খেলাধুলা সাদা পোশাকে নিগার-ফারজানার পর সেঞ্চুরি দিলারার

সাদা পোশাকে নিগার-ফারজানার পর সেঞ্চুরি দিলারার

55


স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম রাউন্ডে সেঞ্চুরি পান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধান সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের আরেক শীর্ষ ব্যাটার ফারজানা হক পিংকি। ওমেন্স বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে এলো আরও একটি সেঞ্চুরি। গতকাল ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান পূর্বাঞ্চলের ওপেনার দিলারা আক্তার দোলা। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চল। শুরুতেই স্বপ্না ২ রানে ফিরলে দ্বিতীয় উইকেটে দিলারা ও জান্নাতুল ফেরদৌস মিলে ১৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। দলীয় ১৫৯ রানে আউট হন দিলারা। তার আগে ১৩১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান দিলারা।
২০ বছর বয়সী দিলারার জাতীয় দলে অভিষেক ২০২২ সালে। ২০ টি-টোয়েন্টি ম্যাচে ১০০.৪৭ স্ট্রাইক রেটে দিলারার সংগ্রহ ২৬৭ রান। তবে এই মারকুটে ব্যাটার ওয়ানডে ক্রিকেটে এখনও নিজের ছাপ রাখতে পারেননি। ২ ওয়ানডেতে তার সংগ্রহ কেবল ৮ রান।