কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর বালুমহাল দখলে নিতে সশস্ত্র সন্ত্রাসীরা দুটি বালু ঘাটে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা বালুর ঘাট দখল নিতে ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করে, ভাঙচুর করে ১৮টি মোটরসাইকেল, অগ্নিসংযোগ করা হয় ৬টি মোটরসাইকেলে। এ ঘটনায় বালু ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযো রয়েছে, বিএনপি নেতা তৌহিদুল ইসলামের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত রোকনের নেতৃত্বে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলে প্রায় শতাধিক সশস্ত্র ক্যাডার বালু ঘাটে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফেরি ঘাট বালুমহাল এবং মসলেমপুর ১২ মাইল বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চলছিল। এতে ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সশস্ত্র একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার পুরাতন ফেরি ঘাট বালুমহালে হামলা চালায়। এ সময় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল থেকে নেমেইে শতাধিক সন্ত্রাসী ব্যবসায়ীদের উদ্দ্যেশ করে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে বালু ব্যবসায়ীরা আড়ালে পালিয়ে গেলে সন্ত্রাসীরা ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় মোটরসাইকেল ভঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বালু ব্যবসায়ী সোহেল রানা ভুঁইয়া বাবু জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সকাল থেকে একদল সন্ত্রাসীরা বালু ঘাটে এসে জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে। এতে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা ঘোষণা দেয় কোন সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা তারা দেবে না।
আজ মঙ্গলবার ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরই ভেতর বিএনপি নেতা তৌহিদুল ইসলামের ক্যাডার হিসেবে পরিচিত রোকনের নেতৃত্বে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলে প্রায় শতাধিক সশস্ত্র ক্যাডার বালু ঘাটে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ককটেল ফাটায়। এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর এবং ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের ভাতিজা জহুরুল ইসলাম বিজলী জানান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চুনুর নামে ঘাট ছিল। টাকা উঠাতো জাকিরুল নামের এক আওয়ামী লীগ নেতা। এই বালু ঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতেই রোকনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়।
বিএনপি নেতা বিপ্লব মালিথা বলেন, নাইন এমএম পিস্তল, শটগান, দোনালা বন্দুকসহ প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তারা প্রক্যাশে সশস্ত্র মহড়া দিয়েছে।
এদিকে, ফেরি ঘাটের বালুমহাল নিয়ন্ত্রণ নিয়েই সশস্ত্র এই বাহিনী চলে যায় পার্শ্ববর্তী ১২ মাইল বালুর ঘাট দখল নিতে। সেখানেও একইভাবে তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। বালু ঘাটে থাকা বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু এবং তার ছেলে শামসুজ্জামান সবুজকে হত্যার উদ্দ্যেশে তাদের খুঁজতে থাকে এবং অন্তত ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম আলমের নির্দেশে তার ক্যাডার রোকন, উজ্জলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। দুইজন ব্যবসায়ী আহত হয়। আমার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
শফিকুল ইসলাম বিশু বলেন, বালুর ঘাট দখল নিতে ক্যাডাররা এই সশস্ত্র হামলা চালিয়েছে।
ভেড়ামারা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশের পৃথক পৃথক দল দুটি বালুর ঘাট এলাকায় পরিদর্শন করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











































