Home আঞ্চলিক খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা: যোগ্যতা ছাড়াই পদোন্নতি পেয়ে দফায় দফায় দুর্নীতি...

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা: যোগ্যতা ছাড়াই পদোন্নতি পেয়ে দফায় দফায় দুর্নীতি !

50


স্টাফ রিপোর্টার।।
পদোন্নতি পাওয়ার মতো শিক্ষগত যোগ্যতা তার ছিল না। অবৈধভাবে পদ পেয়ে দফায় দফায় শুরু করেন নানা রকমের দুর্নীতি। বিগত কয়েক বছর ধরে খেয়াল-খুশিমতো বিধিবহির্ভূত কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহার তার নিত্যদিনের সঙ্গী। রাজনৈতিক আশ্রয়ে নিজ জেলাতেই ১৪ বছরেরও বেশি সময় ধরে অবস্থান করা খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলমের স্বেচ্ছাচারিতার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছেন জেলার প্রাথমিক শিক্ষকরা।


১৯৯৭ সালের ২৮ এপ্রিল উপজেলা শিক্ষা অফিসার, পরে চাকরিতে যোগদান করেন শেখ অহিদুল আলম। পরবর্তীতে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ২০১৬ সালের ২২ এপ্রিল তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি পান।


শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পদোন্নতি লাভ: উপজেলা শিক্ষা অফিসার পদ থেকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি পাওয়ার জন্য ১৯৮৯ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত এক গেজেটে কিছু যোগ্যতার বিষয় উল্লেখ করা হয়েছে। ওই গেজেটের ৩২ (এ) ধারায় বলা হয়েছে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি পাওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ২য় শ্রেণির বিএড ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি থাকতে হবে।
খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশে চলতি বছরের আগষ্ট মাসে শেখ অহিদুল আলমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ- পরিচালক মো. মোসলেম উদ্দিন। তদন্ত কালে শেখ অহিদুল আলম তার বিএড সার্টিফিকেটের বদলে ২০০২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে পাস করা এমএড সার্টিফিকেট দাখিল করেন। তবে বিএড ও এমএড ডিগ্রির সমমান নয় বলে জানিয়েছেন বাউবির অতিরিক্ত দায়িত্বে থাকা পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোহসীন উদ্দিন। গত ২৮ আগষ্ট তদন্ত কমিটির কাছে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, বিএড ডিগ্রির বিকল্প হিসেবে এমএড ডিগ্রিকে বিবেচনার কোনো সুযোগ নেই।


বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তা আরও বিস্তারিত জানতে চাইলে গত ২০ অক্টোবর বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহমুদ তদন্ত কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিএড ডিগ্রি অর্জনের জন্য শ্রেণিকক্ষে ৯০টি অনুশীলনী পাঠদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের দক্ষতা, শিক্ষার্থী মূল্যায়নের দক্ষতা, শ্রেণি ব্যবস্থাপনা ও শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা অর্জনের ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে উচ্চতর শিক্ষা গ্রহণের প্রাক যোগ্যতা অর্জনের জন্য পরিসংখ্যানগত ধারণা, শিক্ষাক্রম ও শিক্ষা দর্শনের
শেখ অহিদুল আলম প্রাথমিক জ্ঞান অর্জনের কিছু বিষয় যুক্ত থাকে। কিন্তু এমএড ডিগ্রি প্রোগ্রামে শ্রেণিকক্ষে পাঠদান সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের কোনো সুযোগ নেই। তবে বিএড ডিগ্রি নেই এরূপ শিক্ষার্থীদের এক সেমিষ্টার পূর্ব প্রস্তুতিমূলক চারটি কোর্স সম্পন্ন করে এমএড ডিগ্রি অর্জনের সুযোগ ২০০০ সালে এমএড শিক্ষাক্রমে ছিল। এ জন্য এমএড প্রোগ্রামকে বিএডের বিকল্প বিবেচনার সুযোগ নেই।


এ ছাড়া ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি ৫৮ জন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিএড বা ডিপ্লোপা ইন এডুকেশন ডিগ্রি না থাকায় তাদের পদোন্নতি দেয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তদন্তের সত্যতা জানিয়ে মো. মোসলেম উদ্দিন বলেন, ‘আমি গত ২৪ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) চলে এসেছি। তাই তদন্তের সব কাজ শেষ করে আসতে পারিনি। বাকি কাজটুকু বর্তমান উপপরিচালক সম্পন্ন করবেন।’
তবে নিজের বিরুদ্ধে অভিযোগগুলো মেনে নিতে নারাজ অভিযুক্ত শেখ অহিদুল আলম। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলেন, ‘এমএড ডিগ্রি থাকলে বিএড আছে কি না এটা কোনো বিষয় না। আমাদের ব্যাচে ১৩৭ জনের একযোগে পদোন্নতি হয়েছিল। খোঁজ নিয়ে দেখেন সেখানের কত জনের বিএড ছিল না। আমার বিএডের থেকেও উচ্চতর এমএড ডিগ্রি তো আছেই। তাই আমার পদোন্নতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।’


শিক্ষক বদলিতে স্বেচ্ছাচারিতা: চলতি বছরের ১৭ এপ্রিল তিনি একযোগে ১৭ জন শিক্ষকে বদলি করেন। তবে পরবর্তীতে অনলাইনে শিক্ষকরা দেখতে পারেন তাদের বদলিতে আন্তজেলা বদলির নীতিমালা লঙ্ঘন হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করেন। একই সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তারাই ওই শিক্ষকদের বদলি বাতিলের জন্য আবেদন করেন। পরবর্তীতে তিনি নামমাত্র একটি সুপারিশ কমিটি করে তাদের বদলি বহাল রাখেন।
৩ জুন অধিদপ্তর বরাবর পাঠানো চিঠিতে অহিদুল আলম উল্লেখ করেন, যেহেতু অনলাইনে তাদের বদলির আদেশ অনুমোদন হয়ে গেছে, তাই এই আদেশ বহাল রাখাই যায়। ওই শিক্ষকরা জানিয়েছেন, ২০২৪ সালের ২৯ মার্চ জারি করা চিঠিতে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের বদলিতে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও নীতিমালা লঙ্ঘন করে ১৭ জনের মধ্যে ৪ জন প্রধান শিক্ষককেও বদলি করা হয়েছিল। এটা তিনি করেছিলেন পছন্দের ব্যক্তিদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানানোর জন্য।


প্রতিবাদ করলেই শাস্তি: এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা শাস্তির সম্মুখীন হয়েছেন, তার মধ্যে একজন বটিয়াঘাটা উপজেলার বারোভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক চলতি দায়িত্বের প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়। তিনি জানান, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর পিআরএলে যাওয়ার দিন তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে লঘুদণ্ড দিয়ে বেতনের এক ধাপ অবনমিত করেন। যার বিরুদ্ধে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।
শিক্ষকদের সঙ্গে আরও কথা বলে জানা গেছে, তার সঙ্গে মতবিরোধ হলেই বিপদে পড়তে হয়। তিনি ২০১২ সালে এক মাসের জন্য ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পেয়েয় ২৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও ৪ জনকে সাময়িক বরখাস্ত করেছিলেন।


একই জেলায় ১৪ বছর: শেখ তাহিদুল আলম ইতোপূর্বে খুলনা সদর থানার শিক্ষা অফিসার পদে ৩ বছর, খুলনা বিভাগীয় অফিসে ৬ বছর ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ৩ বছর কর্মরত ছিলেন। পরে ২০২৩ সালের ২০ জুনে আবারও খুলনায় তার বদলি হয়। সেই সুবাদে তিনি খুলনাতেই প্রায় ১৪ বছর কর্মরত রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, খুলনাতেই তিনি দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। েস্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি খুলনার বিএল কলেজে লেখাপড়া করেছেন। তার শ্বশুরবাড়ি দৌলতপুরের কালিবাড়িতে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। স্থানীয় সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে আঁতাত করেই তিনি খুলনায় দীর্ঘদিন রয়েছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘এক পক্ষ আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা নানা রকমের ষড়যন্ত্র করছে।’-সুত্র: দৈনিক বাংলা