স্টাফ রিপোর্টার
টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সন্ত্রাসী হামলায় আহত ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা মারা গেছেন। বুধবার সকাল পৌনে ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ৯জনের নাম উল্লেখ ও ৪/৫ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আসামিরা হলেন নগরীর চাঁনমারি বাজার রোডের জুলফিকার ডাকাতের ছেলে মো. আশিক (২৫), চাঁনমারি আজাদ মাস্টার গলির মশিউরের ছেলে সজীব (৩২), চাঁনমারি ৩নং গলির বুলু’র ছেলে জনি (২৮), মেছের সড়কের আল আমিনের ছেলে তানভীর (২৮), আলতাফ হোসেন গলির শেখ আজাদের ছেলে রাজু (২৭), আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের পিছনের বাসিন্দা মাসুমের ছেলে শাহিন (২৬), বাইতুল আমান মহল্লার জাহাঙ্গীরের ছেলে আব্দুল্লাহ (২৫), নতুন বাজার চরের আব্দুল হাইয়ের ছেলে শেখ মিরাজ (৩০), চাঁনমারি বাজার রোডের মজিদ মোল্লার ছেলে ইয়াকুব মোল্লা (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, ২৯ নভেম্বর রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে হামজা কেরাম টুর্নামেন্ট দেখতে যান। রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার সময় কয়েকটি মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির হাত থেকে প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করতে থাকে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা চিকিৎসকরা জানান। সেখান থেকে পুনরায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান। এঘটনায় নিহত বোয়িং মোল্লার ভাই ২০৭/১ টুটপাড়া মেইন রোডের মৃত. এস এ বারীর ছেলে মো. আব্দুল্লাহ বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেছেন যার নং-৪।
বোয়িং মোল্লার বড়ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, মঙ্গলবার ভোর রাতে অবস্থা অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেন। বুধবার সকালে সেখান থেকে তার মৃত্যুর সংবাদ ভোর পৌনে ৭ টার দিকে জানান। এরপর পুলিশের কাছে সংবাদ দিলে তারা চাচার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। চিকিৎসকরা দেরি করে আসায় ১০টা পর্যন্ত তার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।
খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস বলেন, মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে। তার মাথায় এবং ঘাড়ে দু’টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার রাতে তার ছোটভাই মো. আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি এ প্রতিবেদককে বলেন।
বিএনপি নেতার মৃত্যুতে মহানগর বিএনপির শোক: মহানগর বিএনপির অর্ন্তগত ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য আমির হোসেন বোয়িং মোল্লার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (৪ ডিসেম্বর) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ অনতি বিলম্বে বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর, সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।











































