Home খেলাধুলা অবিশ্বাস্য দামে কলকাতায় কেঁদে বুক ভাসানো ভেঙ্কটেশ

অবিশ্বাস্য দামে কলকাতায় কেঁদে বুক ভাসানো ভেঙ্কটেশ

72


স্পোর্টস ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাধারণত বিদেশি ক্রিকেটারদের নিয়ে তুমুল লড়াই করে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু এবারের মেগা নিলামে তেমনটা দেখা যায়নি। এবার বিদেশিদের ছাপিয়ে দেশিদের প্রতি নজর দলগুলোর। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারের পর ভেঙ্কটেশ আইয়ারও চড়া দাম পেয়েছেন। অবিশ্বাস্যমূল্যে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডাস।

রবিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় মেগা নিলামে তাকে দলে নেওয়ার জন্য লড়াই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষহাসি কেকেআরের। ২ কোটি ভিত্তিমূল্যের ভেঙ্কটেশকে কিনতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে কলকাতা।

এর আগে, কলকাতার রিটেনশন লিস্টে তার নাম না থাকায় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন আইয়ার। তিনিই জানিয়েছিলেন, রিটেনশন লিস্টে নাম না দেখে কেঁদেছিলেন তিনি। অবশেষে সেই কলকাতাই তাকে ফের দলে ভেড়াল।

এদিকে মেগা নিলামে ডেভিড ওয়ার্নার দল পাননি। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও।

অন্যদিকে নিলামে সবচেয়ে দামি ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়েছিলেন আর্শদীপ সিং। ১৮ কোটিতে তাকে টেনেছে পাঞ্জাব কিংস। তবে তার সে কীর্তিতে ভাগ বসিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সমান ১৮ কোটিতেই পাঞ্জাবে আর্শদীপের সঙ্গী হন এই লেগি। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তিও চাহালের।

জস বাটলার, কে এল রাহুলদের নিয়েও নিলামে লড়াই হওয়ার কথা ছিল। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নেয় গুজরাট টাইটান্স। অন্যদিকে ১৪ কোটিতেই রাহুলকে পেয়ে যায় দিল্লি।